সিলেটে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাগোপ্তা হামলা ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে সিলেটে জামায়াত-শিবিরের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বিক্ষিপ্তভাবে নগরের অন্তত আটটি স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে একটি বাস, দুটি ট্রাক ও সিএনজিচালিত সাতটি অটোরিকশা ভাঙচুর করা হয়।এসব স্থানে পুলিশের সঙ্গে হরতালকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।গ্রেপ্তার হওয়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের মুক্তির দাবিতে সিলেটে সমাবেশ করতে পুলিশ বাধা দেওয়ায় গত সোমবার জামায়াত সিলেট বিভাগের চার জেলায় হরতাল আহ্বান করে। আজকের হরতালকে কেন্দ্র করে ভোর ছয়টা থেকে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা নগরের প্রবেশমুখ তেমুখী, টিলাগড় ও দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। হরতালকারীরা নগরের কাজলশাহ, মজুমদারি, শিবগঞ্জ, লামাবাজার, শাহি ঈদগাহ, কাজিটুলা ও দক্ষিণ সুরমায় মিছিল করতে চাইলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই সব এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে মাজার জিয়ারতে আসা একটি বাস, তিনটি ট্রাক ও সাতটি অটোরিকশা ভাঙচুর করেন হরতালকারীরা।দুপুর একটার পর থেকে হরতাল আহ্বানকারীরা মাঠ ছাড়লে হরতাল শিথিল হয়ে পড়ে। দুইটার পর থেকে নগরজীবন স্বাভাবিক হয়ে আসে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমা বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে যানবাহনে হামলা করেছে। হরতাল শেষেও পুলিশ এলাকাগুলোতে অবস্থান করছে।সিলেট নগরের বাইরে জৈন্তাপুর উপজেলা সদরে হরতালকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সুনামগঞ্জে শিবিরের দুই নেতা আটকশহরের ধোপাখালী এলাকায় হরতালের সমর্থনে সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুরের সময় পৌর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়। একই সময় শহরতলির মাইজবাড়ি এলাকায় পিকেটিং করার সময় শিবিরের নেতা রেজাউল করিমকে আটক করে পুলিশ। রেজাউল স্থানীয় আলহেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও শিবিরের নেতা।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।