সিলেটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে আজ শনিবার জিন্দাবাজারে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শহিদুল ইসলাম, শামছুল ইসলাম, ইনু আহমেদ, মুর্শেদ আহমদ, সুজন ও জুবের আহমদকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সিলেটে জেলা ও মহানগর বিএনপি বিকেল পাঁচটায় মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিএনপির বিক্ষোভে একাত্মতা ঘোষণা করে ছাত্রদলের বিভিন্ন পক্ষ। নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা মোড়ে গিয়ে বিক্ষোভ শেষ হয়। সেখান থেকে ফেরার পথে ছাত্রদলের পুরানো লেন ও কাজী ইলিয়াস পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া করে। এতে জিন্দাবাজার মোড় থেকে কাজী ইলিয়াস সড়ক এলাকা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করেছে।পুরানো লেন পক্ষের নেতা আহমদ চৌধুরী ফয়েজ বলেন, ‘বিক্ষোভ সমাবেশ শেষে চোহাট্টা থেকে জিন্দাবাজার আসার পথে কাজী ইলিয়াস পক্ষের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে পরিকল্পিতভাবে হামলা চালায়।’ইলিয়াস পক্ষের নেতা মকসুদ আহমদ বলেন, ‘চোহাট্টা থেকে ফেরার পথে পুরানো লেন পক্ষের নেতা-কর্মীরা হামলা চালায়। এ হামলা প্রতিহত করতে গিয়ে কিছু ইটপাটকেল নিক্ষেপ করলে হামলাকারীরা পালায়।’ তাঁর পক্ষের নেতা-কর্মীদের হাতে কোনো অস্ত্র ছিল না বলে তিনি দাবি করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা পালিয়ে যান।