সিলেটে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনতাই
সিলেটে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ২৯ লাখ টাকার একটি ডিডি ও প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার নগরের দরগাগেট এলাকার একটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিলেট শাখার অ্যাকাউন্ট ইনচার্জ মাহবুবুর রহমান ও অ্যাকাউন্ট কর্মকর্তা মো. মনিরুজ্জামান গতকাল বিকেল পৌনে চারটার দিকে ১১ লাখ ৮৬ হাজার টাকা ও ২৯ লাখ টাকার একটি ডিডি প্রাইম ব্যাংকের দরগাগেট শাখায় জমা দিতে যাচ্ছিলেন। তাঁরা অটোরিকশায় ব্যাংকের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী অটোরিকশাটি ঘিরে ফেলে। এরপর দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ও ডিডি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। ট্রান্সকমের সহকারী বিক্রয় ব্যবস্থাপক সালাম ভূঁইয়া জানান, ছিনতাইকারীরা মাহবুবুরের বাঁ হাত ও পেটে এবং মনিরুজ্জামানের দুই হাতে ছুরিকাঘাত করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালাম জানান, ঘটনাটি কোতোয়ালি থানার পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।