সিলেটে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল নাট্যমঞ্চের প্রথম জাতীয় পথ নাট্যোত্সব। নাট্যমঞ্চ সিলেটের ২০ বছরে পদার্পণ উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়। উত্সব শুরু হয় গত ১৭ ডিসেম্বর। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন রজতকান্তি গুপ্ত। আয়োজক সূত্রে জানা গেছে, ‘অপসংস্কৃতি নয়, চাই জাতীয় সংস্কৃতির বিকাশ’—এ স্লোগান সামনে রেখে নাট্যোত্সব অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী উত্সবে নাটক পরিবেশন করে ঢাকা পদাতিক, চট্টগ্রামের সমীকরণ থিয়েটার, রাজশাহীর অনুশীলন নাট্যদল, খুলনার টিম থিয়েটার, বরিশালের শব্দাবলী, সিলেটের কথাকলি, নাট্যালোক (আম্বরখানা), নাট্যালোক (সুরমা মার্কেট), নগর নাট, সিলেট প্রসেনিয়াম, নবশিখা নাট্যদল, থিয়েটার সিলেট, থিয়েটার বাংলা, হবিগঞ্জের পথিকজন, শায়েস্তাগঞ্জের দেশ নাট্যগোষ্ঠী, সুনামগঞ্জের সুনামগঞ্জ প্রসেনিয়াম, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড ও নাট্যমঞ্চ। নাটক পরিবেশনের ফাঁকে বিভিন্ন সময় গান গেয়ে দর্শকদের আনন্দ দেয় সিলেটের উদীচী শিল্পীগোষ্ঠী ও এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের শেষ দিন ২০ ডিসেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। চার দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালন করেছেন নাট্যকর্মী দেবব্রত চৌধুরী।