সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা প্রকাশ্যে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাস লিমিটেডের নির্বাচিত সিবিএ সভাপতি আবু তাহের (৫০) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় তাহেরের সঙ্গে থাকা তাঁর এক সহকর্মীও দুর্বৃত্তদের হাতে আহত হন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নগরের রায়নগর এলাকার জালালাবাদ গ্যাস স্টাফ কোয়ার্টার থেকে আবু তাহের সহকর্মী ও সিবিএর যুগ্ম সম্পাদক ফজলুল বারীকে নিয়ে মোটরসাইকেলসহ বের হন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঝরনারপাড় মাজারের কাছে ওত পেতে থাকা মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে তাহেরের মোটরসাইকেলের গতি রোধ করে। কোনো কিছু না বলেই তারা তাহেরের গলায় ধারালো ছুরি দিয়ে পোঁচ দেয় এবং ফজলুল বারীকে কিল-ঘুষি মারে। আবু তাহের রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় কিছু লোক তাহেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ফজলুল বারী সাংবাদিকদের জানান, রাস্তায় মোটরসাইকেলে সামান্য ত্রুটি দেখা দেওয়ায় আবু তাহের ধীরে ধীরে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঝরনারপাড় এলাকায় আরেকটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তিকে অপেক্ষারত দেখা যায়। তাদের কাছে পৌঁছামাত্র তারা আবু তাহেরের গলায় ছুরি চালায়। এর প্রায় এক ঘণ্টা পর ঝরনারপাড় এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে আবু তাহের খুন হয়েছেন, সেখানকার রাস্তায় ছোপ ছোপ রক্ত। আলামত সংগ্রহের জন্য পুলিশ ওই স্থানটি ঘিরে রেখেছে। আশপাশ এলাকার কয়েক ব্যক্তি জানান, তাঁরা প্রথমে ধারণা করেছিলেন, এটি ছিনতাইয়ের ঘটনা। হত্যার বিষয়টি স্পষ্ট হওয়ার পর ঝরনারপাড় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জালালাবাদ গ্যাস ভবন সূত্র জানায়, আবু তাহের (৫০) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সিলেট প্রধান কার্যালয়ে জ্যেষ্ঠ টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পূর্ব জাফরাবাদ গ্রামে। ১৯৮৬ সালে তিনি জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে চাকরিজীবন শুরু করেন। নগরের রায়নগরে জালালাবাদ গ্যাসের স্টাফ কোয়ার্টারে আবু তাহের স্ত্রী, দুই ছেলে ও কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন। ব্যক্তিগত জীবনে সদালাপী আবু তাহের সিবিএ রাজনীতিতে নির্মোহ ও প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জালালাবাদ গ্যাসের সিবিএ নির্বাচনে আবু তাহের জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (সিবিএ-১৬৯০) থেকে সভাপতি নির্বাচিত হন। ময়নাতদন্ত শেষে দুপুর দুইটায় তাহেরের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নগরের মেন্দিবাগে গ্যাস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। গ্যাস ভবন থেকে বিকেলে একটি শোকযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রথম দফা জানাজা শেষে সন্ধ্যায় আবু তাহেরের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, এটি একটি পরিকল্পিত খুন বলে ধারণা করা হচ্ছে। কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ওসি গতকাল রাত আটটার দিকে জানান, খুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ঘটনায় হত্যা মামলাসহ তিনটি মামলা করার প্রস্তুতি চলছে।