সিলেটে জোগীটিলা কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট সিলেটের আম্বরখানা মৌজার জোগীটিলাটি আইনানুসারে রক্ষণাবেক্ষণ করতে এবং সেটি কাটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।জানা যায়, এই জোগীটিলাটি আম্বরখানা মৌজায় (দাগ নাম্বার-৯৩২, খতিয়ান ২৩০, জেএল নাম্বার ৯২) অবস্থিত। টিলাটি কাটার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে হাইকোর্টে একটি রিট করলে আদালত রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায় দেন।রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইকবাল কবির। রিট আবেদনে বলা হয়, পরিবেশ অধিদপ্তর থেকে টিলাটি ড্রেসিং করার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ওই অনুমতির সুবাদে টিলাটি যথেচ্ছভাবে কাটা শুরু হয়। পরবর্তীকালে পরিবেশ অধিদপ্তর লিখিতভাবে অনুমিত বাতিল করলেও টিলা কাটা অব্যাহত থাকে।