সিলেটে ঝড়ে শিশু নিহত, মা-ছেলেসহ আহত ৪
সিলেটে গতকাল শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে শাহি ঈদগাহ এলাকার হুসনাবাদ কলোনির একটি বসতির ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে হাবীব নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হাবীবের মা মনোয়ারা বেগম ও তাঁর ছেলে মন্টু মিয়া (১৭) এবং আমীর হোসেন (১৪) ও শুভ (৭) নামের আরও দুই শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী শুরু হলে কলোনির পশ্চিম দিকের একটি গাছ ভেঙে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে এবং একপর্যায়ে ওই গাছ ও খুঁটি দুটিই কলোনির নূর হোসেনের ঘরের ওপর উপড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।সিলেটের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, দুর্ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাত থেকে শাহি ঈদগাহ এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে।