সিলেটে টমেটো বিক্ষোভ
সংখ্যায় তাঁরা শতাধিক। সবাই টমেটোচাষি। তাঁরা কাঁধে টমেটোর বাঁক নিয়ে দাঁড়িয়ে। ৫০টি বাঁকে ৭০ কেজি করে সাড়ে তিন হাজার কেজি টমেটো। দৃশ্যটি দেখে প্রথম নজরে এটিকে টমেটোর হাট বা প্রদর্শনী মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু চাষিদের হাতে শোভা পাওয়া এক গাদা প্লাকার্ড সে ভুল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কোনো প্লাকার্ডে লেখা ছিল ‘চাষি বাঁচাও দেশ বাঁচাও’। কোনোটিতে লেখা ‘টমেটোর দাম কমল কেন, জবাব চাই’।গতকাল মঙ্গলবার সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে এভাবে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা। পরে জেলা প্রশাসকের কাছে টমেটো সংরক্ষণের ব্যবস্থার দাবিতে একটি স্মারকলিপি দিয়ে সব টমেটো কার্যালয়ের সামনে ফেলে যান তাঁরা। স্থানীয় কৃষক সংগঠন কৃষক কল্যাণ সংস্থার আহ্বানে টমেটোচাষিরা এ বিক্ষোভ করেন।কৃষক সংগঠন সূত্র জানায়, সিলেটে এক কেজি টমেটোর বর্তমান বাজারদর মাত্র এক টাকা। কোথাও আবার টাকায় দুই কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এ দরে চাষিদের উত্পাদন খরচ ওঠা দূরের কথা, পুরো খেতের টমেটো বিক্রি করে এক দিনের পারিশ্রমিকও উঠছে না। সিলেট অঞ্চলে সবজি প্রক্রিয়াজাতকরণে কোনো সংরক্ষণাগার থাকলে টমেটোর এই অস্বাভাবিক দরপতন ঠেকানো সম্ভব হতো। ক্ষতিগ্রস্ত টমেটোচাষিদের এই দুরবস্থা দেখে তাঁদের পাশে এসে দাঁড়ায় কৃষক কল্যাণ সংস্থা। গতকাল সকালে খেতের টমেটো নিয়ে বাজারমুখী চাষিদের তারা সংগঠিত করে।সকাল ১০টায় নগরের সুরমাপারের আলী আমজাদ ঘড়িঘরের সামনে সমবেত হয়ে কৃষকেরা সার্কিট হাউসে অবস্থানরত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত টমেটোচাষিদের পক্ষে বক্তৃতা করেন কৃষক কল্যাণ সংস্থার উপদেষ্টা সিলেটে সুগন্ধি ধানের সংগ্রাহক আবদুল বাছির ওরফে সেলিম এবং কৃষক কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান। বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন কৃষকেরা। সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ের চাষি ছইল মিয়া (৬৫) ও বাদেপাশা গ্রামের আলী আসগর (৪৫) স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শামীম আল-রাজী।স্মারকলিপির বরাত দিয়ে আবদুল বাছির বলেন, এক কেজি টমেটো উত্পাদন করতে চার টাকা খরচ হয়। বর্তমান বাজারদর অনুযায়ী উত্পাদিত প্রতি কেজিতে চাষিরা তিন টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষতি কাটাতে সবজি সংরক্ষণাগার স্থাপনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন চাষিরা। নইলে চাষিরা টমেটো চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল-রাজী বলেন, চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার দিকটি বিবেচনায় এনে এর প্রতিকারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার এক ৮০০ হেক্টর জমিতে এবার টমেটো চাষ হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ও মোগলাগাঁও ইউনিয়নে টমেটোর চাষাবাদ বেশি হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সবিনয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘এবার যে পরিমাণ উত্পাদন হয়েছে, সেই পরিমাণ ক্রেতা সিলেটে নেই বলে দাম একেবারেই কমে গেছে।’ এ ক্ষেত্রে রপ্তানির সুযোগ তৈরি হলে চাষিরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতেন।