সিলেটে টিলা কাটার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার প্রস্তাবিত খেলার মাঠের পাশের একমাত্র টিলাটি কাটার ঘটনায় একটি মামলা হয়েছে। উপজেলা প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট শাখা গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের পর গতকাল শনিবার এ মামলা করে।তবে এ টিলা কাটার ঘটনায় সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজকদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হলেও মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।পরিবেশবাদী সংগঠনগুলোর নেতারা বলছেন, এটা জড়িত ব্যক্তিদের আড়াল করার অপচেষ্টা।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট চেম্বারের উদ্যোগে চলতি বছর ওই স্থানে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে। মেলার আয়োজকেরা মেলাস্থলের মাঠটি সমান করার নামে গত বৃহস্পতিবার রাতে ২০-৩০ ফুট উচ্চতার ওই টিলা কেটে ফেলেন। বর্তমানে টিলাটির উচ্চতা ১০ ফুটে নেমে এসেছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, টিলা কাটার বিষয়টি জানার পর পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় গত শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) তারেক মোহাম্মদ জাকারিয়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টিলা কাটার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি মেলার আয়োজকেরা এড়িয়ে যান। তবে স্থানীয় ব্যক্তিরা তাঁদের সংশ্লিষ্ট থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোশাররফ হোসেন বাদী হয়ে এ বিষয়ে মামলা করেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘প্রকাশ্যে টিলা কাটার একটি ঘটনায় দায়ের করা মামলায় আসামি অজ্ঞাত রাখা একটি কৌশল। এর মধ্য দিয়ে টিলা কাটায় নিয়োজিতদের শুরুতেই ছাড় দেওয়ার চেষ্টা করা হলো বলে আমরা মনে করি।’তবে সহকারী কমিশনার (ভূমি) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিদর্শনের সময় সশরীরে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। তাই মামলায় নির্দিষ্ট কাউকে আসামি করা সম্ভব হয়নি। তবে তদন্তে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা বেরিয়ে এলে তাদের আসামি করার সুযোগ রয়েছে।মামলায় আসামি অজ্ঞাত রাখায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরীও বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘টিলা কাটার এ মামলার তদন্ত আমাদের মাধ্যমেই হবে। তদন্তে যার নাম আসবে, তাকেই সরাসরি আসামি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনো ছাড় দেওয়া হবে না।’