সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়ায় গতকাল শনিবার খুন হয়েছে শিশু সাবিহা আক্তার ও তার দাদি মোমিনা খাতুন। তাদের পরিবার বা পুলিশ খুনের কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একটি বেসরকারি সংস্থার শিক্ষা প্রকল্পে চাকরি করেন নাসির উদ্দিন ও তাঁর স্ত্রী রোকসানা বেগম। তাঁরা দুই মেয়ে সাবিহা (৭) ও তৃষা আক্তারকে (১০) নিয়ে পূর্ব দলইপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। প্রথম শ্রেণীর ছাত্রী সাবিহা স্কুলে যেতে না চাওয়ায় গতকাল মা রোকসানা পাশের বাড়ি থেকে তাঁর শাশুড়ি মোমিনাকে বাড়িতে রেখে যান। বেলা তিনটার দিকে ওই বাড়ি থেকে টেলিভিশনের উচ্চ শব্দ শুনে একজন প্রতিবেশী ঘরে উঁকি দিয়ে কাউকে দেখতে না পেয়ে বিষয়টি অন্যদের জানান। পরে প্রতিবেশী ও আত্মীয়রা বাড়িতে ঢুকে দেখেন, বসার ঘরে টেলিভিশন চলছে, কিন্তু কেউ নেই। তাঁরা ডাকাডাকি ও খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পেছনে লাকড়ি রাখার একটি ছোট্ট কক্ষে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে সাবিহার মা ও বাবাকে খবর দেওয়া হয়। তাঁরা বাড়ি ফিরে দেখেন, দাদি-নাতনি দুজনকেই খুন করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। সন্ধ্যায় পুলিশ দাদি-নাতনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, বেলা একটা থেকে দেড়টা নাগাদ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মোমিনার গলার বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সাবিহার গলায় কালচে দাগ রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। গতকাল বিকেলে ওই বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। রোকসানা বিলাপ করছেন, ‘আমরার কোনো শত্রু নাই, কে করল এই সর্বনাশ!’ নাসির কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার কোনো শত্রু নেই। আমার ধারণার মধ্যেও নেই, কারা এ কাজ করল।’ সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) শংকর কুমার দাশ জানান, আলামত দেখে ধারণা করা হচ্ছে, খুন করে অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। খুনের কারণ বের করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।