সিলেটে দুই শিবিরকর্মী গ্রেপ্তার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার গভীর রাতে সিলেট মহানগরের বিল পার এলাকা থেকে আবদুর রহমানকে (২৮) এবং জালালাবাদ আবাসিক এলাকা থেকে ইউসুফ আলীকে (২১) গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন জামায়াতে ইসলামী পরিচালিত সিলেটের একটি মাদ্রাসার এবং অপরজন কলেজের শিক্ষার্থী।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, এ দুজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ধর্মঘট সফল করতে নগরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা বাস ভাঙচুর এবং উসকানিমূলক লিফলেট তৈরি ও বিতরণের সঙ্গেও জড়িত।এদিকে, শিবিরের ডাকা ধর্মঘট উপেক্ষা করে আজ বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস চলছে। তবে আজ ২৬ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা স্থগিত আছে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী পরিবহনের বাস চলাচল করছে।