সিলেটে দুর্ঘটনায় মেডিকেলের দুই ছাত্রসহ নিহত ৩
সিলেটের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১৯ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মইন উ খান (২৫), চতুর্থ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম (২৪) ও শায়েস্তাগঞ্জের সদরঘাট গ্রামের আবদুল মজিদ (৩০) নামের এক পথচারী। নিহত মইনের বাড়ি ফেনীর মাস্টারপাড়ায় ও শহিদুলের বাড়ি লক্ষ্মীপুরের বিরাহিমপুরে।আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে তাঁরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ২১ জন সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়ার জন্য ওই বাসে করে একসঙ্গে রওনা দেন। মাঝপথে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পথচারী মজিদকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।শেরপুর মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রথম আলো ডটকমকে বলেন, সিলেট থেকে গতকাল রাত সাড়ে ১০টায় মামুন পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১২টায় শায়েস্তাগঞ্জ সদরঘাট বাজারে পৌঁছাতেই বাসের সামনে একজন পথচারী এসে পড়েন। এ সময় পথচারীকে চাপা দিয়ে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে আটকা পড়েন সব যাত্রী। খবর পেয়ে পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা শুরু করে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর আহত ছাত্রদের রাত আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মইন উ খান ও শহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগেই তাঁরা মারা যান। অন্য ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, বাসে যাত্রীদের মধ্যে তাঁরাই ছিলেন ২১ জন। ঈদের ছুটিতে সেন্ট মার্টিন বেড়াতে যাওয়ার জন্য তাঁরা একত্র হন। তাঁদের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজনও যোগ দেন। মধ্যরাতে বাসের ভেতর শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা আটকে ছিলেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার তত্পরতা চালানো গেলে হয়তো দুই সহপাঠীকে বাঁচানো যেত।আজ শুক্রবার জুমার নামাজ শেষে মইন ও শহিদুলের জানাজা মেডিকেল কলেজের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।