তৃতীয় তলার একটি কক্ষে সোফার সঙ্গে পুরো শরীর রশি দিয়ে বাঁধা। গলায় পরনের গেঞ্জি পেঁচানো। এভাবেই নিজ কক্ষে নিথর হয়ে পড়ে ছিল সিলেট নগরের অভিজাত আবাসিক হোটেল অনুরাগের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমানের (৩০) মরদেহ।গতকাল সোমবার বিকেলে খোঁজ করতে গিয়ে হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের ওই কক্ষ শফিক নামে আতিকুর রহমানের এক বন্ধুর ভাড়া নেওয়া। ঘটনার পর থেকে শফিক পলাতক। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল আলামত সংগ্রহ করেছে। হোটেলের এক মহাব্যবস্থাপক, দুজন ব্যবস্থাপকসহ তিন ওয়ার্ডবয়কে আটক করা হয়েছে। নগরের ধোপাদীঘির উত্তরপাড় এলাকায় হোটেল অনুরাগে গিয়ে জানা গেছে, হোটেলের মালিক খুরশিদ আলীর বার্ধক্যজনিত কারণে বছর খানেক আগে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন ছেলে আতিকুর রহমান। এর আগে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতেন। প্রতিদিন বেলা তিনটায় আতিক বাসায় গেলেও গতকাল সাড়ে তিনটায়ও না যাওয়ায় বাসা থেকে তাঁর খোঁজ পড়ে। নগরের কুমারপাড়ায় তাঁদের বাসা। পরিবারের সদস্যরা এসে হোটেলে জিজ্ঞেস করলেও কেউ তাঁর খোঁজ দিতে পারছিলেন না। একপর্যায়ে হোটেলের ৩২২ নম্বর কক্ষ তালাবদ্ধ দেখে তাঁদের সন্দেহ হয়। এই কক্ষ আতিকেরই বন্ধু শফিক ভাড়া নেন। এ সময় খবর দেওয়া হয় র্যাবকে। বিকেল চারটায় র্যাবের একটি দল ওই কক্ষের তালা ভেঙে সারা গায়ে রশি বাঁধা অবস্থায় আতিকের লাশ পড়ে থাকতে দেখে।হোটেলের মহাব্যবস্থাপক জুয়েল আহমদ জানান, ৩২২ নম্বর কক্ষটি ২৩ নভেম্বর শফিক ভাড়া নেন। ওই দিন থেকে আতিক তাঁর কক্ষে গিয়ে প্রায়ই আড্ডা দিতেন। আতিক খুন হওয়ার পর শফিক পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, বন্ধুর হাতেই খুন হয়েছেন তিনি।হোটেল কর্তৃপক্ষের এই ভাষ্যের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে থাকা র্যাবের সদস্যরা হোটেল রেজিস্টার, সিসি ক্যামেরার ছবিসহ কিছু আলামত সংগ্রহ করে জুয়েল আহমদসহ শিফট ব্যবস্থাপক আলাউদ্দিন (২৫), সাহাবউদ্দিন (৩০) এবং মিজান, ফয়েজ ও সামছুল নামের তিন ওয়ার্ডবয়কে আটক করেন। র্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সন্ধ্যা সাড়ে সাতটায় ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।আতিকের চাচা লন্ডন-প্রবাসী মনিরউদ্দিন জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে আতিক ছোট। বিয়ের পর লন্ডনে থাকতেন। তাঁর বাবা অসুস্থ থাকায় হোটেল দেখাশোনা করতে আতিককে দেশে নিয়ে আসা হয়েছিল। কী কারণে আতিক খুন হলেন, তাঁরা বুঝতে পারছেন না।ঘটনাস্থলে থাকা পুলিশ ও র্যাব সূত্র জানায়, শফিকের ছবি হোটেলের সিসি ক্যামেরায় রয়েছে। ছবি দেখার পর হোটেলে কর্তব্যরত ব্যক্তিরা শনাক্ত করেছেন, শফিক এক বছর ধরে হোটেলে নিয়মিত আসতেন। তিনি একজন সিডি ব্যবসায়ী। হোটেল রেজিস্টারে শফিক তাঁর বয়স ৩২, বাবার নাম হাজি রহমত উল্লাহ, বাড়ি ঢাকার গণকটুলী লেন বলে উল্লেখ করেছেন। এই তথ্যের সঙ্গে একটি মুঠোফোনের নম্বরও দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের একজন ব্যবস্থাপক জানান, শফিক হোটেলে এলেই ৩২২ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হতো। ২৩ নভেম্বর তিনি আসার পর থেকে ভারতে যাওয়ার বিষয় নিয়ে আতিকের সঙ্গে আলাপ করছিলেন। সেখানে সিডির ব্যবসা নিয়ে আলাপ হয়। এই ব্যবসাসংক্রান্ত কোনো বিষয় জেনে যাওয়ায় আতিক খুন হতে পারেন বলে তিনি ধারণা করেন।৩২২ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, এলোমেলোভাবে বিভিন্ন সিডি ছড়িয়ে রয়েছে। পুলিশ সেগুলোর কিছু আলামত হিসেবে সংগ্রহ করেছে। কক্ষটি তদন্তের স্বার্থে তালাবদ্ধ করে রেখেছে পুলিশ।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম গতকাল রাতে মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, লাশের পা, হাত রশি দিয়ে সোফার সঙ্গে বাঁধা। গলায় গেঞ্জি বাঁধা পাওয়া গেছে। হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের পাশে কাপড়ের একটিতে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে। তবে মরদেহে কোনো ক্ষত পাওয়া যায়নি। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দেখে মনে হচ্ছে, হত্যাকাণ্ডটি ঠান্ডা মাথায় হয়েছে এবং পূর্বপরিকল্পিত। চেনাজানা কারও হাতে আতিক খুন হয়েছেন—এ রকম ধারণা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।’