সিলেটে নৌকাডুবি: নিখোঁজ চার ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের সুরমা নদীতে নৌকাবাইচ চলাকালে খেয়া নৌকাডুবিতে নিখোঁজ চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সুরমা নদীর টুকেরবাজার এলাকায় লাশগুলো ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় সুরমা নদীতে পরপর তিনটি লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাত্ক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলো উদ্ধার করে।উদ্ধার হওয়া লাশ তিনটি হলো সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকার আবদুল হাশিম (৫৫), দক্ষিণ সুরমার গোপশহর এলাকার ফয়জুল মিয়া (১৭) এবং হবিগঞ্জ জেলার বাদৈ গ্রামের সেলিম (২০)। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন এসে মরদেহ নিয়ে যান।এদিকে সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকায় এক যুবকের (২০) লাশ ভেসে উঠলে পুলিশ ওই লাশটিও নদী থেকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে। তবে পুলিশ এখনো উদ্ধার হওয়া ওই যুবকের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানা গেছে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দুপুরে উদ্ধার হওয়া তিন ব্যক্তির লাশ তাঁদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। উদ্ধার হওয়া অপর যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর বিকেলে সিলেটের সুরমা নদীর কাজিরবাজার এলাকায় খেয়া নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন সুরমা নদীতে নৌকাবাইচ দেখতে খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল বলে জানা গেছে।