প্রতিবাদ, দ্রোহ, সংবেদনশীলতা আর কোমলতায় প্রতিটি নাটকে তৈরি হয় ‘নীরব ভাষা’। নিপুণ অভিনয়ের ছোঁয়ায় প্রতিটি নাটক প্রাণ পেয়ে হয়ে উঠেছে সমাজের প্রতিচ্ছবি। সিলেট নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটরিয়ামে সাবলীল ও সুন্দর পরিবেশে নাট্যকর্মীদের দক্ষ অভিনয়ের পরশ মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। সিলেটের নাট্যদলগুলোর মঞ্চায়ন দেখতে মঞ্চপ্রেমী দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষণীয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যার পর এ ভিড় মিলনমেলায় রূপ নেয়। ‘অন্তর তানে বাজাও এবার জীবনের জয়গান’ স্লোগান নিয়ে ২ এপ্রিল শুরু হয় পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। উৎসবে পাঁচটি নাটকের দল অংশ নিয়েছে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় নাট্যোৎসব শেষ হয় ৭ এপ্রিল। অনুষ্ঠানের উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে সাতটায় নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি হেমচন্দ্র ভাট্টাচার্য। নাট্যকর্মী রজত কান্তি গুপ্তের সঞ্চালনে শুরুতেই স্বাগত বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক মো. আরশ আলী, সংগঠনের সভাপতি মাহবুব আহসান চৌধুরী। উদ্বোধকের বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে গৌরবের ২৫ বছর অতিক্রম করেছে সম্মিলিত নাট্য পরিষদ। সিলেটের নাট্যাঙ্গনে এ সংগঠনের কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। অথচ দুঃখের কথা, এখন পর্যন্ত সিলেটে কোনো নাটক উপযোগী স্বতন্ত্র হল তৈরি হয়নি, যা নাট্যকর্মীদের প্রতিটি পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথাকলি সিলেটের পরিবেশনায় কোর্ট মার্শাল নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন আমিনুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় নাট্যালোক সিলেট (সুরমা মার্কেট) পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন বীরু মুখোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন বাবুল আহমদ। পরদিন মণিপুরী থিয়েটার কমলগঞ্জ ইঙাল আঁধার পালা নাটকটি মঞ্চায়ন করে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিষ সমীর। এক মণিপুরী মৃদঙ্গবাদকের করুণ কাহিনী নিয়ে রচিত নাটকটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।৬ এপ্রিল নাট্যমঞ্চ পরিবেশন করে সিলেট গীতিকা পুঁথি অবলম্বনে রচিত রঙ্গমালা নাটকটি। এটি রচনা করেছেন বিদ্যুৎ কর ও নির্দেশনা দিয়েছেন হীরক দেব। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কৃষ্ণপদ বিশ্বাস, বিল্পব চক্রবর্তী, মো. মিরাজুল ইসলাম, রজত কান্তি গুপ্ত, অন্তরা বিশ্বাস, বিয়াদ আহমদ চৌধুরী, সপ্তর্ষী দেব, মাহমুদ হাসান, মো. সোহেল আহমদ, মো. হাফিজুর রহমান, সামস্উদ্দিন আহমদ, মংলেম সিং, বাপ্পী কুমার মজুমদার, জান্নাতুল নাজনীন, অন্যা দেব, রাখী আক্তার, স্বপন বর্মণ, শাহীন আহমদ, প্রিতম ঘোষ, পার্থ সারথী মজুমদার প্রমুখ।অনুষ্ঠানের শেষ দিন নাট্যালোক সিলেট (আম্বরখানা) পরিবেশন করে সুরমা কান্দে নাটকটি। সিলেটের প্রথম আঞ্চলিক ভাষায় লিখিত এ মঞ্চ নাটকটি রচনা করেন নাট্যকার বিদুত্ কর ও নির্দেশনা দিয়েছেন আফজাল হোসেন।