সিলেটে পাখি ঢুকে বিমানের ইঞ্জিন বিকল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে ওড়ার সময় একটি বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। পাইলটদের সতর্কতায় বিমানটি রানওয়েতে নিরাপদে নামে। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।আজ মঙ্গলবার সকাল ছয়টায় বিজি-০০১ ফ্লাইটটি উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। এর পর তাত্ক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিল করা হয়। পাঁচ ঘণ্টা পর যাত্রী নিয়ে আরেকটি ফ্লাইট সিলেট বিমানবন্দর ত্যাগ করে।প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্র জানায়, ১৭৫ জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট থেকে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল। রানওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বিমানের ইঞ্জিন হঠাত্ বিকল হয়ে পড়ে। এ সময় রানওয়েতে চলন্ত অবস্থায় একটি চাকা বন্ধ হয়ে শব্দ করে ছিটকে পড়ে। পাইলট তখন বিমান নিয়ন্ত্রণ করতে রানওয়েতে গতি কমিয়ে একপর্যায়ে সব কটি ইঞ্জিন বন্ধ করে দেন। এ সময় বিমানের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ইঞ্জিন বিকল হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, একটি চিল ইঞ্জিনের মধ্যে আটকা পড়েছে।বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক (রানওয়ে) মোতাহার হোসেন জানান, ইঞ্জিন হঠাত্ করে বিকল হলে পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ সময় বিমানের বাঁ পাশের চাকাটি ভেঙে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাইলটের সতর্কতায় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।যুক্তরাজ্যপ্রবাসী ওই বিমানের একজন যাত্রী বলেন, রানওয়েতে ওড়ার মাত্র দুই-তিন সেকেন্ডের মধ্যে পাখি ঢোকার ব্যাপারটি টের পাওয়া গেলেও দুর্ঘটনার আশঙ্কা ছিল।বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ইঞ্জিন মেরামতের পর বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।