সিলেটে পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার গতবারের তুলনায় পাসের হার কমছে। তবে বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যা।এবার পাসের হার ৭৫ দশমিক ৬৮, যা গতবারের চেয়ে দশমিক ৪৪ ভাগ কম। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৮৭। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫৯৭ জন।বোর্ড সূত্র জানায়, পাসের হার কমলেও সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।এবার মোট ৩০ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৩ হাজার ৩৮১ জন। পাসের হার ৭৫ দশমিক ৬৮। এবার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ১৭২ জন ছাত্র এবং ১২ হাজার ২০৯ জন ছাত্রী।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন ফলাফল ঘোষণার পর প্রথম আলোকে বলেন, এবার সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে সব ধরনের উদ্যোগ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হবে।