সিলেটে পাহাড় কাটা থেকে বিরত থাকার নির্দেশ
সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলাসহ ছয় উপজেলার পাহাড়, টিলা কাটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্য উপজেলাগুলো হলো, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈয়ন্তাপুর ও গোলাপগঞ্জ। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। রুলে ওই সব এলাকার পাহাড় ও টিলা কাটা কার্যক্রম কেন এখতিয়ার বহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে পাহাড় বা টিলার পাদদেশে বসবাসরত দরিদ্র ব্যক্তিদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। পরিবেশ, ভূমি, গৃহায়ণ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, সিটি করপোরেশন, বিভাগীয় পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ১৫ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০০৭ সালের ১০ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে এক গেজেটে সব ধরনের পাহাড় ও টিলা কাটার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় গণমাধ্যমে সিলেটে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষাপটে পাহাড় কাটার বৈধতা ও এ বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদন করে। আজ প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ইকবাল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, হাইকোর্ট সিলেট সিটি করপোরেশন এবং সিলেট সদরসহ ছয় উপজেলায় সব ধরনের পাহাড় ও টিলা কাটা থেকে ছয় মাসের জন্য বিরত থাকার নির্দেশ দিয়েছেন।