সিলেটে পুলিশকে জামায়াতের ধাওয়া-ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল শুক্রবার দুপুরে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এতে র্যাব ও পুলিশের তিনজন সদস্য আহত হন। নেতা-কর্মীরা তিন সাংবাদিককেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ভাঙচুর করা হয় দুটি বিপণিবিতানের কয়েকটি দোকান ও দুটো বেসরকারি ব্যাংকের এটিএম বুথ।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী ও চট্টগ্রামের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল জুমার নামাজ শেষে সিলেট মহানগরের কোর্ট পয়েন্ট থেকে নগর জামায়াতের উদ্যোগে মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় পুলিশ মিছিল সংক্ষিপ্ত করার আহ্বান জানালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ও নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের তর্ক হয়। এর কিছুক্ষণ পর কোর্ট পয়েন্টের পাশে দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়া জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ঢিল ছোড়ে। পুলিশ ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নয়া সড়ক এলাকায় সংগঠিত হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে চৌহাট্টা মোড়ের দিকে এগোলে ভোলানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ ফের বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশকে ধাওয়া করেন। পুলিশ পিছু হটলে মিছিলকারীরা ফিরোজ সেন্টার এবং আর এন টাওয়ার নামের দুটি বিপণিবিতানে ঢিল ছুড়ে কয়েকটি কক্ষে ভাঙচুর করেন। তাঁরা ওই বিপণিবিতানের সামনে ওয়ান ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের দুটো এটিএম বুথও ভাঙচুর করেন।পরিস্থিতি মোকাবিলায় সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যদের মোতায়েন করা হয়। বিক্ষিপ্ত হামলা ও এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শাহজাহান, দুই পুলিশ সদস্য সুহেল আহমদ (২৫) ও রুহুল আমিন (২৪) আহত হন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এনটিভির স্টাফ রিপোর্টার মইনুল হক, বাংলাভিশনের সিলেট প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট-এর আলোকচিত্রী শাব্বির আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে আটক করা হয় জামায়াত ও শিবিরের ১৮ কর্মীকে।সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, মিছিলকারীদের বলা হয়েছিল কর্মসূচি সংক্ষেপ করতে। তাতে তাঁরা দুই দফায় সংগঠিত হয়ে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন।নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জানান, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে গন্ডগোল বাধিয়েছে। তিনি দাবি করেন, পুলিশের বেধড়ক পিটুনিতে তাঁদের অন্তত ১৪ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদরুজ্জামান ও জামায়াতের চৌধুরী নাদিরকে গুরুতর অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিপণিবিতান ও এটিএম বুথে কারা ভাঙচুর চালিয়েছে, তাও তিনি জানেন না বলে দাবি করেন।কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৮ জনসহ দুই শতাধিক জামায়াত ও শিবিরের নেতাকে আসামি করে মামলা হয়েছে।