সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আজ আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গতকাল শনিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শিবিরের গুলিবিদ্ধ এক নেতাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ রোববার সিলেট জেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে শিবির। এদিকে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা গতকাল পটুয়াখালীর বাউফলে উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।সিলেট: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কক্সবাজারে গত শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের অদূরে চৌহাট্টার আর এন টাওয়ারের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি নয়াসড়কের দিকে যাওয়ার পথে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। সংঘর্ষে জামায়াত-শিবিরের অন্তত ১৫ জন আহত হন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) রাজীব দাস ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ অন্তত ১২ পুলিশ সদস্য আহত হন। ট্রাফিক পুলিশের এসিসহ আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম দাবি করেন, মহানগর শিবিরের সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক আলী আসগর খান ওরফে রাহাতের বুকে গুলি লেগেছে। মো. রাসেল ও মো. রিপন নামের শিবিরের দুই কর্মী ছররা গুলিতে আহত হন। সব মিলিয়ে তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তিনি জানান, আসগরকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।ওসি আতাউর রহমান জানান, জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের ৫০টি গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিকেল পর্যন্ত শিবিরের ১২ জন কর্মীকে আটক করা হয়েছে। হরতাল: মিছিলে পুলিশের হামলার অভিযোগ এনে সিলেট জেলায় আজ রোববার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে শিবির। গতকাল বিকেলে সিলেট মহানগর প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বান করা হয়। মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ হরতালের বিষয়টি নিশ্চিত করেন। বাউফল (পটুয়াখালী): বাউফল উপজেলা সদরে গতকাল সকাল নয়টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ‘রাজীব ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ স্লোগান নিয়ে বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে ও কাগজপত্র পুড়িয়ে দেয়। সংগ্রাম পত্রিকার বাউফল প্রতিনিধি আবু সুফিয়ান অভিযোগ করেন, একই সময়ে ওই কার্যালয়ের পাশে তাঁর বাড়িতে হামলা হয়েছে।জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।