সিলেটে বইমেলা শুরু
সিলেট প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেট স্টেডিয়াম চত্বরে ১০ দিনব্যাপী সিলেট বিভাগীয় বইমেলা শুরু হয়েছে।বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বইমেলা উপলক্ষে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে পৌঁছায়। বিকেল চারটায় পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, মো. মকবুল হোসেন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, রওশন আরা বেগম প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল ও জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক আমিনুল ইসলাম।উদ্বোধনের পরই বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। ক্রেতাদের অন্যতম আকর্ষণ ছিল প্রথমা প্রকাশনের স্টল। প্রথম দিনে আশানুরূপ সাড়া পাওয়া গেছে বলে স্টলের বিক্রেতারা জানিয়েছেন। সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নানের গ্রন্থনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে সিলেটের লোককবিতাসহ আধুনিক গান পরিবেশন করেন শিল্পীরা।বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া প্রতিদিন সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।