সিলেটে বখাটেকে গ্রেপ্তার করতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বখাটের হাতে স্কুলছাত্রীর বাবা খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে আজ সোমবার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার বখাটেপনার বিরুদ্ধে জনমত সৃষ্টির পাশাপাশি এই প্রবণতা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এই পরিস্থিতিতে সিলেটের ঘটনাটি দুঃখজনক।’ তিনি নিহত বাদশা মিয়ার (৫৫) পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ওই স্কুলছাত্রীর পড়াশোনা যাতে অব্যাহত থাকে, সেই ব্যবস্থা করা হবে।’গত শনিবার রাতে সিলেট শহরতলির দলদলি চা-বাগান এলাকার বাসিন্দা বাদশা মিয়া বখাটেদের হাতে খুন হন। সিলেট কোতোয়ালি থানার পুলিশ ঘটনার পরপরই বখাটে বাবুল আহমদের সহযোগী হারুন আহমদকে (৩২) গ্রেপ্তার করে। এ নিয়ে আজ প্রথম আলোর শেষের পৃষ্ঠায় ‘বখাটের হাতে স্কুলছাত্রীর বাবা খুন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, বখাটে বাবুলকে ধরতে পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। সিলেটের বাইরেও একটি দল অবস্থান করছে।