সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে আ.লীগ নেতাসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মুক্তিযোদ্ধা ইফতেখার আহমদ ওরফে শামীমসহ (৬০) সাতজন নিহত হয়েছেন। উপজেলার তেরোমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ওই নেতার স্ত্রী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভানেত্রী নাজনীন হোসেনসহ ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশ ও বাসের আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটমুখী শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে মহাসড়কের তেরোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিকের আসনগুলোতে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে।ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান নিহত সাত যাত্রীর মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা শামীম বাদে অন্য চারজন হলেন—ঢাকার সবুজবাগ থানার রাজেশ সিংহ (২৭), কেরানীগঞ্জের ব্যবসায়ী হাজি আবদুল বাতেন (৫০), একই এলাকার রহমতপুরের অপু (২৮) ও কালীগঞ্জের আরিফ (২০)।বাসে থাকা যাত্রী রিপন প্রথম আলো ডটকমকে বলেন, গ্রিনলাইন পরিবহনের বাসটি রাত ১২টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার রাজারবাগ থেকে সিলেট রওনা হয়। দয়ামীরের বাঁক পার হওয়ার সময় বাঁ-দিক থেকে পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি আঘাত করে। এতে বাসের সামনের দিক দুুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ শামীম দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটি গঠনের পর তিনি জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পান।