সিলেটে বাসে আগুন, পুড়ে মারা গেল যাত্রী
সিলেটে একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার আধা ঘণ্টার মধ্যে নগরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা চালিয়ে অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা নামক এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ায় এক যাত্রী বাসের মধ্যেই পুড়ে মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে বাসে অগ্নিসংযোগকারীসহ বিচ্ছিন্ন হামলাকারী কারা—এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।বাসে পুড়ে নিহত হওয়া ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, আগুনে পুড়ে ওই যাত্রীর শরীর প্রায় ছাই হয়ে গেছে।বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দুই নেতাসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলকালে মহাসড়ক দিয়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাসহ ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া এসব ঘটনাকে ‘নাশকতা সৃষ্টির অপচেষ্টা’ বলে অভিহিত করছেন। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণের বরাত দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে। যেসব স্থানে এসব ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শীসহ পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে সিলেটমুখী যাত্রীবাহী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা মসজিদের সামনে পৌঁছালে ১৫-২০টি মোটরসাইকেলে করে একদল যুবক গাড়িটির গতিরোধ করে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে যুবকেরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা তখন হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ১২ জন। কিন্তু বাস থেকে নামতে ব্যর্থ হওয়ায় পুড়ে মারা যান ওই যাত্রী।বাসে থাকা সিলেট ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা গোলাম রব্বানী চৌধুরী প্রথম আলো অনলাইনকে জানান, বাসটি হবিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। যাত্রী ছিল ৫৩ জন। বদিকোনার কাছাকাছি আসার পর বাসটি থামার সঙ্গে সঙ্গে তিনি বিস্ফোরণের শব্দ পান। এর পরই আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাসহ মহানগর পুলিশ দল সেখানে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিদগ্ধদের মধ্যে আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক আবদুল কাইয়ুম জানান, আটজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং চারজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।এদিকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার পর প্রায় আধা ঘণ্টার মধ্যে সিলেট নগরের সোবহানীঘাট, কুমারপাড়া, শাহজালাল উপশহর, শাহজালাল সেতু, হুমায়ূন রশীদ চত্বর, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, আখালিয়া, মিরাবাজার, কুয়ারপাড়, লামাবাজার, শিবগঞ্জ ও টিলাগড় এলাকায় বিচ্ছিন্ন হামলায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশাসহ ৪০টি যানবাহন ভাঙচুর করা হয়।