সিলেটে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, একজন নিহত
সিলেটে বিএনপির দুই পক্ষের বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে চোরাগোপ্তা হামলায় সাজু আহমদ ওরফে রাজন নামে এক যুবক মারা গেছেন। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলার কামালবাজারের ছোট দিঘলী গ্রামে। সাজু নগরের করিমউল্লা মার্কেটের একজন ব্যবসায়ী। ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি। রাত পৌনে দুইটার দিকে তাঁর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। এর আগে বেলা তিনটার দিকে দুই পক্ষের বিরোধ সহিংসতায় রূপ নেয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারীরা বিকেলে প্রয়াত এম সাইফুর রহমানের অনুসারীদের মঞ্চ ভাঙচুর করে সমাবেশ ভণ্ডুল করে দেয়। এ সময় সাইফুর রহমানের অনুসারী ছাত্রদলের ক্যাডাররা হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছোড়ে। লাঠি ও লোহার পাইপ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রদলের সহসভাপতিসহ ২০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ইটের আঘাতসহ পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান, ছাত্রদলের কর্মী খায়ের উদ্দিনসহ নয়জন। এ সময় ছবি তুলতে গিয়ে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ মিছিলে থাকা ছাত্রদলের ক্যাডারদের হাতে নাজেহাল হন। তাঁর ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। একইভাবে স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক সাব্বির আহমদ ও যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন বাংলা টিভির চিত্রগ্রাহক আলমগীর হোসেনকেও লাঞ্ছিত করা হয়।দলীয় সূত্র জানায়, সাইফুরের অনুসারী হিসেবে পরিচিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এবং আবুল কাহেরের নেতৃত্বাধীন পক্ষ স্থানীয়ভাবে ১১ দফা দাবি নিয়ে দুই সপ্তাহ ধরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছিল। এ নিয়ে ইলিয়াসের অনুসারীদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। গতকাল বেলা তিনটার দিকে সাইফুরের অনুসারীরা নগরের কোর্ট পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে তিনটার দিকে নগরের আম্বরখানা থেকে মিছিল নিয়ে সাইফুরের অনুসারীরা সমাবেশস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় আট থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে ইলিয়াসের অনুসারী বিএনপি ও ছাত্রদলের কর্মীরা প্রতিপক্ষের সমাবেশের মঞ্চ ভাঙচুর করে কোর্ট পয়েন্টের পাশের এলাকায় অবস্থান নেয়। তাদের সঙ্গে ৪০ থেকে ৫০ জন যুবক কোর্ট পয়েন্টসহ জিন্দাবাজার এলাকায় অবস্থান নেয়। এ খবর পেয়ে শাহরিয়ার-আরিফ-কাহেরের নেতৃত্বে সমাবেশস্থলমুখী একটি মিছিল আম্বরখানা থেকে রওনা হয়।দুই শতাধিক মানুষের ওই মিছিলের সামনে ও পেছনে ছাত্রদলের অর্ধশতাধিক ক্যাডার হেলমেট পরে লাঠি, কিরিচ ও রামদা উঁচিয়ে সশস্ত্র মহড়া দেয়। বিএনপির নেতা শাহরিয়ারের পাশে ছাত্রদলের এক ক্যাডারকে অস্ত্র নিয়ে হাঁটতে দেখা গেছে। মিছিলটি জিন্দাবাজার এলাকার লতিফ সেন্টারের কাছে পৌঁছালে পেছন দিক থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলটি কিছুটা ছত্রভঙ্গ হওয়ামাত্র ইলিয়াসের অনুসারী বিএনপি ও ছাত্রদলের কর্মীরা বিপরীত দিক থেকে প্রতিপক্ষের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আহত হন বিএনপির নেতা রেজাউল হাসানসহ নয়জন। এক পক্ষের ছুরিকাঘাতে আহত হন সাজু আহমদ নামের এক পথচারী। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জিন্দাবাজার মোড় থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় মিছিলে থাকা হেলমেট পরা ছাত্রদলের ক্যাডাররা থেমে থেমে চারটি ফাঁকা গুলি ছোড়ে। এতে বন্ধ হয়ে যায় আশপাশের এলাকার দোকানপাট। নিরাপদ স্থানে চলে যায় সাধারণ মানুষ। মিছিলকারীরা জিন্দাবাজার থেকে সমাবেশস্থলে গিয়ে সমাবেশ করার চেষ্টা করে। এ সময় পেছন দিক থেকে পুরান লেন এলাকা থেকে সর্বশেষ ধাওয়া শুরু হলে সমাবেশ সংক্ষিপ্ত করে ওই পক্ষ তালতলা হয়ে আম্বরখানায় ফিরে যায়। এ সময় পুলিশ কোর্ট পয়েন্টসহ পুরান লেন এলাকায় লাঠিপেটা করে ধরপাকড় করে। বিকেল চারটার দিকে কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকা থেকে জেলা ছাত্রদলের সহসভাপতিসহ ২০ জনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আটক হওয়া ব্যক্তিরা হলেন: জেলা ছাত্রদলের সহসভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী, সবুজ আহমদ, ইকবাল আহমদ, ফখরুল ইসলাম, জাহেদ মিয়া, সোহেল আহমদ, অনিক দাস, দয়াময় দেব, অমল আচার্য, মো. বাহার উদ্দিন, আবদুল হান্নান, নুরুল আমিন, আরিফুল হক, রনি চৌধুরী, এনামুল কবির চৌধুরী, সৈয়দ খিজির হোসেন, বাচ্চুু মিয়া, আশরাফুর রহমান, তোফায়েল আহমদ ও দুখির আলী। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে এঁদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘জাতীয় ও স্থানীয় কিছু ইস্যু নিয়ে ১১ দফা দাবিতে সমাবেশ আহ্বান করা হয়েছিল। সমাবেশ বানচাল করতে গত বুধবার তারা (ইলিয়াসের অনুসারী বিএনপির নেতারা) ছাত্রদলের এক নেতা ও তাঁর বড় ভাইকে মারধর করেছে। শান্তিপূর্ণ সমাবেশ শুরুর আগে আজ মঞ্চ ভাঙচুর করেছে। এর পরও আমরা সমাবেশ করেছি।’ কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের বলেন, ‘ইলিয়াসপন্থী লোকজন পরিকল্পিতভাবে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে। সমাবেশে বাধা দিয়েছে। পরে অন্যত্র সমাবেশ করেছি।’তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, ‘বিএনপির নব্য নেতারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিজেরাই নাটক মঞ্চস্থ করেছেন। তাঁরা গুলিবর্ষণ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এ ঘটনায় ইলিয়াসের অনুসারী কোনো নেতা-কর্মী জড়িত নন।’প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণ প্রসঙ্গে মহানগর পুলিশের উপকমিশনার আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘গুলিবর্ষণ হওয়ার বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে। অস্ত্রধারীরা চিহ্নিত হলে গ্রেপ্তার করা হবে।’ফটোসাংবাদিকদের প্রতিবাদ: প্রথম আলোর আলোকচিত্রীসহ তিনজন ফটো সাংবাদিক নাজেহাল হওয়ায় সিলেটের ফটোসাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে কোর্ট পয়েন্টে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাঁরা রাস্তায় বসে ১৫ মিনিট ক্যামেরা বিরতি পালন করে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। ছিনিয়ে নেওয়া ও ভাঙচুর করা ক্যামেরার ক্ষতিপূরণের দাবিতে ফটোসাংবাদিকেরা আজ শুক্রবার জরুরি বৈঠক করবেন।