সিলেটে বিএনপির সাবেক সাংসদসহ ৮ জন আটক
সিলেটে সাবেক সাংসদসহ বিএনপির আটজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিকেলে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার মুহূর্তে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।আটক হওয়া বিএনপির নেতা-কর্মীরা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও আরও চার কর্মী। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে বিএনপি হরতালের পক্ষে একটি মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ সেখান থেকে ওই ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়।সিলেট কোতোয়ালি থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে হরতালের সমর্থনে সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তো-কর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। আজ বেলা সাড়ে ১১টায় হরতালের সমর্থনে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে। পরে মিছিলকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে অবশ্য এই চারজনকে ছেড়ে দেয় পুলিশ।