সিলেটে বিডিআর-বিএসএফের গুলিবিনিময়, আহত ৩
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, নলজুড়ী, মিনাটিলা ও গোয়াইনঘাট উপজেলার তামাবিল, পাদুয়া সীমান্ত এলাকায় আজ মঙ্গলবার বিডিআর ও বিএসএফের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি তামাবিল সীমান্তের শুল্ক ফাঁড়িতে সব ধরনের র্কাযক্রম বন্ধ রয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আবদুল জলিল (৩৫) ও খোকন মিয়া (৩৬)।২১ রাইফেলস ব্যাটালিয়ন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, নলজুড়ী, মিনাটিলা ও গোয়াইনঘাট উপজেলার তামাবিল, পাদুয়া সীমান্ত এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে চাষাবাদ করার জন্য ভারতীয় খাসিয়ারা ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিডিআর সদস্যরা তাঁদের বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে চাষাবাদ করতে থাকে।একপর্যায়ে বিডিআর লাল পতাকা উত্তোলন করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেয়। লালপতাকা দেখে বিএসএফ ওপার থেকে গুলি শুরু করলে বিডিআরও পাল্টা গুলি চালায়। দুপুর ১২টা পাঁচ মিনিট থেকে বেলা পৌনে একটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে খাসিয়ার হাওর এলাকার ওই তিন বাসিন্দা গুলিবিদ্ধ হন।২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। বিডিআরের সদস্যরা সীমান্তে সতর্কবস্থায় আছেন। তবে আহত ব্যক্তিদের ব্যাপারে বিডিআর এখনো কিছু জানে না বলে তিনি জানান।