সিলেটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি বিমানে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানবাহিনীর সি১৩০ প্রশিক্ষণ (পরিবহন) বিমানটি আজ সকাল সোয়া ১০টার দিকে ৭৪ জন প্যারাট্রুপার নিয়ে ঢাকা থেকে সিলেটে এসে অবতরণ করে। প্রশিক্ষণ মহড়ার একপর্যায়ে ১২টা ১০ মিনিটে বিমানটির বাঁ পাশের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে বিমানবন্দরের অগ্নিনির্বাপক-কর্মীরা সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলেন।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজউদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক-কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বিমানটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।সংশ্লিষ্টদের বরাত দিয়ে ব্যবস্থাপক জানান, বিমানটিতে ৭৪ জন প্রশিক্ষণার্থী, পাইলটসহ আরও ১০ জন ক্রু ছিলেন। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বিমানটিকে বিমানবন্দরের রানওয়েতে রেখে মেরামতকাজ চালানো হচ্ছে।