সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী সোনা মিয়া হত্যা মামলার রায়ে অভিযুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ি গ্রামের আবদুল মান্নান (৩৭), বাগিরঘাটের হারুন মিয়া (৪০) ও ঢাকা দক্ষিণের ইসলামপুরের মাসুক মিয়া ওরফে কচি (৩৫)। এর মধ্যে কচি পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ২৯ জুন সকালে গোলাপগঞ্জের কালীজুড়ি গ্রামের ব্যবসায়ী সোনা মিয়া ব্যবসায়িক কাজে সিলেটে যাচ্ছিলেন। পথে হিলালপুরের কাছে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় সোনা মিয়ার ভাই আসহাবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নান ও হারুন মিয়াকে আটক করে। আটক দুজনই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে মান্নান ও হারুনের সঙ্গে মাসুককে অভিযুক্ত করে ২০০৫ সালের ১৩ মার্চ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।