সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
সিলেটে ব্যবসায়ী রইছ আলী হত্যা মামলার রায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. নাজির আহমেদ এ রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সিলেট সদর উপজেলার বড়ফৌদ গ্রামের মো. কাঁচা মিয়া (৩৮), মো. নাসিরউদ্দিন (৪০), জমির মিয়া (৩৫), শাহাবউদ্দিন (৪০) ও একই উপজেলার উমাইরগঁওয়ের ছফরউদ্দিন ওরফে ছফই (৪০)। তবে, জমির ও শাহাবউদ্দিন এখনো পলাতক বলে জানা গেছে।মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৭ নভেম্বর উমাইরগাঁওয়ের রইছ আলী (৩৫) ব্যবসাসংক্রান্ত কাজে সিলেট নগর থেকে বাড়ি ফেরার পথে খুন হন। পরের দিন বিকেলে কান্দিনামা গ্রামের দরগারখাল এলাকার ধানের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রইছের বড় ভাই আবদুল আহাদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা করেন।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামাল আহমদ মামলার তদন্ত শেষে পাঁচ আসামিকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত ওই বছরের ১২ অক্টোবর অভিযোগ (চার্জ) গঠন করে বিচারকাজ শুরু করেন। মামলার মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।বাদীপক্ষে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী এ টি এম গোলাম মাসুদ ও রাষ্ট্রপক্ষে এপিপি হুমায়ূন কবির মামলা পরিচালনা করেন।মামলার বাদী আবদুল আহাদ বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন এ রায় উচ্চ আদালতে বহাল থাকলেই আমরা খুশি হব।’