সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১, মামলা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলার দয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জৈনউদ্দিনকে (৪৫) একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই বাজারের অদূরে এ ঘটনা ঘটে। সম্প্রতি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হওয়ার পর জৈনউদ্দিন দয়ারবাজার থেকে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি খুন হলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই রজন আলী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জৈনউদ্দিন খুনের ঘটনায় তাঁর স্ত্রী বারাতুন নেছা বাদী হয়ে গতকাল সোমবার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় রজন আলীসহ নয়জনকে আসামি করা হয়েছে।জৈনউদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি পাথরের ব্যবসা করতেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রনিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, দয়ারবাজারে জৈনউদ্দিন গতকাল রাতে বাজার কমিটির কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। তাঁর মুঠোফোনে রাত সাড়ে আটটায় একটি কল আসে। সেটি রিসিভ করে তিনি কাউকে কিছু না বলে বাজার থেকে চলে যান। বাজার কমিটির লোকজনের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, দয়ারবাজারের কাছে কালাইরাগ গ্রামের বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত জৈনউদ্দিনের ওপর হামলে পড়ে। দুর্বৃত্তরা তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। জৈনউদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে। তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক জৈনউদ্দিনকে মৃত ঘোষণা করেন।দয়ারবাজার বাজার কমিটি সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার কমিটির নির্বাচন হয় গত ১ জুলাই। নির্বাচনে জৈনউদ্দিন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। ১৩ জুলাই ওই বাজারে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জৈনউদ্দিন বাজারে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। পরে বাজারে মাদক ব্যবসায়ীদের বিচরণ বন্ধ করতে তিনি পুলিশের সহায়তাও চেয়েছিলেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে খুন করা হতে পারে বলে দয়ারবাজারের ব্যবসায়ীরা ধারণা করছেন।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দলের নেতা জৈনউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, খুনের আলামত দেখে বোঝা যাচ্ছে, ঘটনাটি পরিকল্পিত। এর পেছনে জৈনউদ্দিনের মাদকবিরোধী তৎপরতা ছাড়া অন্য কোনো কারণ আছে কি না পুলিশ তা তদন্ত করছে। ব্যবসায়ীদের প্রতিবাদ: দয়ারবাজারের ব্যবসায়ীরা গতকাল দোকানপাট বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন করে জৈনউদ্দিনকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন। দুপুরে ব্যবসায়ীরা দয়ারবাজারে মৌন মিছিলের পর সভা করেন। সভা থেকে ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। সভায় বক্তৃতা করেন দয়ারবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজি আবদুর রকিব, শামসুল হক, জালালউদ্দিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ জাহির উদ্দিন প্রমুখ।