সিলেটে মধ্যরাতে অস্ত্র ক্রেতার ছদ্মবেশে র‌্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকা থেকে গত মঙ্গলবার মধ্যরাতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য সন্দেহে চারজনকে অস্ত্রসহ আটক করেছেন র‌্যাবের সদস্যরা। অস্ত্র ক্রেতার ছদ্মবেশে ওই অভিযান চালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পক্ষের সঙ্গে র‌্যাবের সদস্যদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে র‌্যাবের এক সদস্যসহ দুই পক্ষের তিনজন আহত হন।আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকার কয়েস আহমদ (৪২), সিলাম এলাকার আবদুল ওয়াহিদ (৩৮), বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের মো. ফয়সল আহমেদ (৩০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুড়িহাল গ্রামের মো. রিপন মিয়া (২৫)। ওয়াহিদ ও কয়েসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাবের আহত সদস্য শফিউলও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি এলজি, পয়েন্ট ১২ বোরের তিনটি গুলি উদ্ধার ও একটি মোটরসাইকেল আটক করেছেন।ঘটনা সম্পর্কে র‌্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘র‌্যাবের একটি দল ক্রেতা সেজে অস্ত্র কিনতে ফিরোজপুর এলাকায় যায়। কথাবার্তা চলার একপর্যায়ে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা তাঁদের আটক করার চেষ্টা করেন। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের সদস্যদের ওপর হামলা করেন ও গুলি ছোড়েন। র‌্যাবের সদস্যরাও আত্মক্ষার্থে একটি গুলি ছুড়লে কয়েছ গুলিবিদ্ধ হন। বাকি তিনজনকে জনগণের সহায়তায় আটক করা হয়।’প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফিরোজপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে অস্ত্র বিক্রি করতে আসা সাত-আটজনের ব্যবসায়ী দল টাকার লেনদেনকে কেন্দ্র করে র‌্যাবের ওপর চড়াও হয়। উভয় পক্ষে হাতাহাতি থেকে সংঘর্ষের সূত্রপাত ও গোলাগুলি হয়। র‌্যাবের গুলিতে একজন আহত হন। বাকি তিনজনকে তাঁদের সহায়তায় আটক করেন র‌্যাবের সদস্যরা।গতকাল বুধবার দুপুরে আটক দুই অস্ত্র ব্যবসায়ীকে নিয়ে সিলেটে র‌্যাব-৯-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক সৈয়দ অনঘ সংবাদ সম্মেলনে বলেন, ‘দীর্ঘদিন ধরে চিহ্নিত চক্রটি সিলেটে অবৈধ অস্ত্র বেচাকেনা করে আসছে। তারা সিলেট অঞ্চলের বিভিন্ন সমাবেশ, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ভয়ভীতি দেখানোর জন্য অস্ত্র ভাড়াও দিয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।’