সিলেটে মাধ্যমিকে পাসের হার ৮১ দশমিক ২৩ ভাগ
সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিকে এবার পাসের হার ৮১ দশমিক ২৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১৪৮ জন। হাওর ও চা-বাগান এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভালো ফল করায় সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণাকালে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন সিলেটের ফলাফলকে বোর্ড প্রতিষ্ঠার এক দশকের ‘ব্যালেন্সড রেজাল্ট’ বলে অভিহিত করে প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য বছর হাওর ও চা-বাগান এলাকার বিদ্যালয়গুলোতে ফলাফল খারাপ হওয়ায় সার্বিক ফলাফলের গড় পাসের হারে নেতিবাচক প্রভাব পড়ত। কিন্তু এবার এসব প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো ভালো ফলাফল করায় বোর্ডের গড় ফলাফল ভালো হয়েছে। এটি বোর্ড প্রতিষ্ঠার এক দশকে অবশ্যই ইতিবাচক একটি দিক। ভবিষ্যতে আরও ভালো করতে সব ধরনের প্রচেষ্টা-উদ্যোগ অব্যাহত থাকবে।’পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে: সিলেট শিক্ষা বোর্ডে ৪৮ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ হাজার ৩৭৮ জন পাস করেছে। এর মধ্যে ১৮ হাজার ৫৮৩ জন ছেলে ও ২০ হাজার ৭৯৫ জন মেয়ে।জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ২৪০ জন ছেলে এবং ৯০৮ জন মেয়ে। বিজ্ঞানে এক হাজার ৯১১, মানবিকে ৯৮ ও বাণিজ্যে ১৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।বোর্ড সূত্র জানায়, ২০১০ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৯৭৭ জন শিক্ষার্থী। ২০০৯ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৭১ ভাগ, জিপিএ-৫ ছিল এক হাজার ৮৯৬ জনের। ২০০৮ সালে পাসের হার ৫৩ দশমিক ৮৮ ভাগ, জিপিএ-৫ ছিল ৬২৩ জনের। ২০০৭ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ২৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছিল ৭১৩ জন।