সিলেটে মে দিবসের গণসংগীতানুষ্ঠানে মৌলবাদীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে ‘মে দিনের গান’ নামে একটি গণসংগীতের আসরে হামলা চালিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। তারা ‘ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ কর...’ প্রভৃতি স্লোগান দিয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে চেয়ার, সাউন্ড বক্স ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।গণসংগীতের আসরে মৌলবাদীদের হামলার খবর নগরে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা তাত্ক্ষণিক প্রতিবাদ জানাতে সেখানে জড়ো হন। রাত ১১টা পর্যন্ত কোর্ট পয়েন্ট এলাকায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। রাত ১১টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মইনুদ্দিন আহমদ জালাল, উদীচীর সৈয়দ মুনির হেলাল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রজতকান্তি গুপ্ত প্রমুখ। পরে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে একই এলাকায় আজ থেকে ‘প্রতিবাদী গণসংগীত’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মে দিবস উপলক্ষে বিকেল থেকে কোর্ট পয়েন্টে চলছিল মে দিনের গান নামে গণসংগীতের আসর। রাত প্রায় সোয়া ১০টার দিকে অনুষ্ঠানের শেষ দিকে কোর্ট পয়েন্টের দক্ষিণ দিক থেকে হঠাত্ একটি মিছিল বের হয়। শতাধিক লোকজনের ওই মিছিলে ‘ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ কর...’, ‘নারীনীতি-শিক্ষানীতি মানি না—মানব না...’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। মিছিলকারীরা অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রথমে চেয়ার ছুড়তে থাকে। এ সময় আয়োজকেরা পরিস্থিতি বোঝার জন্য গণসংগীত বন্ধ রাখলে মিছিলকারীরা সাউন্ড বক্স ভাঙচুর করে মিছিল দিতে দিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল রানা প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে ইশা ছাত্র আন্দোলন নামের সংগঠনটির ব্যানার উদ্ধার করা হয়েছে। এ সংগঠনটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র সংগঠন। এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।