সিলেটে যানবাহন ভাঙচুর, কক্সবাজারে জনজীবন স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও সিলেটে হরতাল ডেকে গতকাল রোববার মাঠে ছিলেন না জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সিলেটে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় শিবিরের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ। কক্সবাজার শহরের প্রধান সড়কে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গত শনিবার সকালে সিলেটে ছাত্রশিবিরের মিছিলে পুলিশ গুলি চালিয়েছে—এ অভিযোগ তুলে আধা বেলা হরতাল ডেকেছিল শিবির। গত শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের তারাবুনিয়ারছড়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার প্রতিবাদে জেলায় ৪৮ ঘণ্টা এবং সারা দেশে সোমবার (আজ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত। কক্সবাজারে হরতাল চলাকালে জনজীবন স্বাভাবিক ছিল। শহরের অধিকাংশ দোকানপাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। তবে দূরপাল্লার কোনো বাস চলেনি। সকাল ১০টায় শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষাও হয়।পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, হরতাল শান্তিপূর্ণ হয়েছে। তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ টহলে রাখা হয়েছে। শুক্রবারের সহিংস ঘটনায় আটক জামায়াত-শিবিরের ১১২ নেতা-কর্মীকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘তাঁরা সবাই হত্যা, অস্ত্র ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের পৃথক তিনটি মামলার আসামি। মামলার অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।’হরতাল ডেকে মাঠে না থাকার কারণ কী—জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের এক নেতা বলেন, তিনটি মামলায় প্রায় ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করে এলাকাছাড়া করা হয়েছে। এ কারণে দলের কর্মী-সমর্থকেরা হরতালে মাঠে নেই। এর পরও জনতা হরতালে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছেন। তদন্ত দাবি বিএনপির: শুক্রবার পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা বিএনপি। শনিবার রাতে লিখিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। সিলেটে ৫০০ জনের বিরুদ্ধে মামলা: শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিলেটে জামায়াত-শিবিরের ৫০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গতকাল সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত চন্দ্র দাশ বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায়, মহানগর জামায়াত ও শিবিরের ৪২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। ওই দিন আটক ১২ কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।