সিলেটে রাতে ছাত্রলীগের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল মঙ্গলবার রাতে একদল সশস্ত্র যুবকের হামলায় আল মামুন শিহাব (১৮) নামের ছাত্রলীগের একজন কর্মী নিহত হয়েছেন। মামুন সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।ছাত্রদলের একটি পক্ষের হামলায় ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন দাবি করে বিক্ষুব্ধ ছাত্রলীগের একটি পক্ষ রাত ১০টায় শতাধিক দোকান ও ৫০টি গাড়ি ভাঙচুর করেছে। সাংবাদিকসহ ব্যবসায়ীদের ১০টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাজুড়ে বিচ্ছিন্ন হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সাধারণ ব্যবসায়ীরা দোকান ভাঙচুরকারীদের ধাওয়া করলে চতুর্মুখী সংঘর্ষ পরিস্থিতির সৃষ্টি হয়। বিচ্ছিন্ন হামলা, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ব্যবসায়ীসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত প্রায় সাড়ে ১১টার দিকে পুলিশ ও র‌্যাবের কয়েকটি দল ঘটনাস্থলে অবস্থান নিলে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলেও পরিস্থিতি থমথমে রয়েছে।রাত পৌনে ১২টায় যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন। পুলিশ কমিশনার প্রথম আলোকে বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের করার চেষ্টা করছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত প্রায় সাড়ে নয়টায় নগরের জিন্দাবাজার কাজী ম্যানশনের সামনে মামুন হামলার শিকার হন। সশস্ত্র যুবকেরা তাঁকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালায়। মামুনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মামুনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাউখা গ্রামে। সিলেটের দাড়িয়াপাড়ায় তাঁদের পরিবার বসবাস করত। জিন্দাবাজারের কাজী ম্যানশনে তাঁর বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। রাতে ওই দোকান থেকে বের হওয়ার পথে তাঁর ওপর হামলা হয়।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মামুনের মরদেহ পুলিশ হাসপাতাল মর্গে রেখেছে। জিন্দাবাজারসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, র‌্যাব মোতায়েন থাকলেও ছাত্রলীগের বিক্ষুুব্ধ কর্মীরা ছাত্রদলের পুরান লেন পক্ষের কর্মীদের হত্যা ঘটনার জন্য দায়ী করে তাঁদের খুঁজছে।ছাত্রলীগের এ অবস্থান নেওয়ার খবর পেয়ে ছাত্রদলের পুরান লেন পক্ষের নেতা আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের একদল নেতা-কর্মী সশস্ত্র অবস্থান নিয়ে জিন্দাবাজারের একাংশে অবস্থান করছে। সেখানে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা গেলে তাঁদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। একইভাবে ছাত্রলীগের একটি পক্ষ রিকাবীবাজার, তালতলা, হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে রয়েছে।ছাত্রলীগ ও ছাত্রদলের কোনো দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রদলের পুরান লেন পক্ষের কর্মীদের হামলায় মামুন নিহত হয়েছেন। হত্যার প্রতিবাদে আজ বুধবার বিকেলে রেজিস্ট্রারি মাঠে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।মুঠোফোন বন্ধ থাকায় ছাত্রদলের আহমদ চৌধুরীর সঙ্গে কথা বলা যায়নি।