সিলেটে র‌্যাব-পুলিশের হাতে আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছেন। তবে সংঘর্ষের পরদিন স্থানীয় ও জাতীয় দৈনিকে যেসব অস্ত্রধারীর ছবি প্রকাশিত হয়েছে, তাঁদের একজনকেও গতকাল রোববার রাত নয়টা পর্যন্ত আটক করা যায়নি।গতকাল বিকেল পাঁচটায় র‌্যাব-৯-এর সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন যুবককে হাজির করে বলা হয়, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সরাসরি জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মুরাদ হোসেন (৩০), সালেক আহমেদ (২৬) ও হাছনাত আহমেদের (৩৫) নাম সাদা কাগজে লিখে তা তাঁদের বুকে সাঁটানো হয়। তবে তাঁদের কোথা থেকে কখন আটক করা হয়েছে এবং তাঁদের পরিচয়ই বা কী, তা জানাতে অপারগতা প্রকাশ করেন র‌্যাবের কর্মকর্তারা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর ইউসুফ বলেন, ‘তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না। তবে এরা সংঘর্ষে জড়িত ছিল। এটা আপনারা বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে প্রকাশ করেছেন। পত্রপত্রিকার ছবি ও টেলিভিশনের ফুটেজ ছাড়াও আমাদের নিজস্ব সূত্রে এদের জড়িত থাকার বিষয়টি চিহ্নিত করা হয়েছে।’কোতোয়ালি থানার পুলিশ গতকাল ভোরে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদলের পাঁচজন কর্মীকে আটক করেছে। ওই সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় এই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন সিলেট সদরের ইসলামপুর এলাকার দিনার আহমদ (২২), মহানগরের মেডিকেল কলোনির আরিফ আহমদ (২৫), দাড়িয়াপাড়ার কামরুল ইসলাম ওরফে রাজু, উপশহরের নিয়াজ (২৩) ও রায়নগরের মো. জুয়েল মিয়া (২২)। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা পাঁচজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আহত এবং পরে হাসপাতালে সাজু আহমদ ওরফে রাজন (২৬) নামের যুবকের মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন নিহত সাজুর মা রুফিয়া বেগম। মামলায় প্রয়াত এম সাইফুর রহমানের অনুসারী বিএনপি-সমর্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি (সিলেট বিভাগীয়) সিদ্দিকুর রহমান ওরফে পাপলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ সংঘর্ষের দিন অস্ত্রধারী ছাত্রদল ক্যাডার হিসেবে শনাক্ত রেজাউল করিম ওরফে নাচন, কোহিনূর আহমদ, মামুন, জাহেদসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।