সিলেটে র‌্যাবের সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ, ৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফিরোজপুরের কাছে র‌্যাব-৯-এর একটি দলের সঙ্গে একদল অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে অংশ নেওয়া লোকগুলো সংঘবদ্ধ অবৈধ অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রসহ তাদেরকে আটক করতে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার মুখে পড়েন ।আটককৃত চারজন হলেন—কয়েস (৩৫), আবদুল ওয়াহিদ (২৫), ফয়সল (২৮) ও রিপন (২৫)।রাত দেড়টার দিকে আহত কয়েস ও ওয়াহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা শাখা একটি অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সন্ধান পায়। তাদের ধরতে র‌্যাব ক্রেতা সেজে ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯-এর একটি দল ক্রেতার ছদ্মবেশে গতকাল রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার ফিরোজপুরে আল-নূর কমিউনিটি সেন্টারের কাছে অবস্থান নেয়। এ সময় প্রায় আটজনের অস্ত্র ব্যবসায়ীদের একটি দল সেখানে গেলে র‌্যাব তাদেরকে অস্ত্রসহ আটকের চেষ্টা করে।অবস্থা টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা ফাঁকা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে র‌্যাব পায়ে গুলি করে কয়েস মিয়াকে আটক করে। অস্ত্র ব্যবসায়ীরা কয়েসকে ছাড়িয়ে নিতে গেলে উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এ সময় র‌্যাবের করপোরাল শফিউল আহত হন।পরে র‌্যাব কয়েস ছাড়া আরও তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি পাইপগান ও তিনটি কার্তুজ উদ্ধার করে।রাত দুইটায় র‌্যাব-৯-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন ফয়েজ প্রথম আলোকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলকে অস্ত্রসহ আটক করতে ওই অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় আহত র‌্যাবের সদস্য শফিউল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।