সিলেটে লাগেজে ইউপি সদস্যের তিন টুকরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিখোঁজ ইউপি সদস্য প্রফুল্ল সরকারের (৫০) লাগেজভর্তি লাশ গতকাল শুক্রবার একই জেলার বিমানবন্দর থানা থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশটি তিন টুকরা করেছে দুর্বৃত্তরা।৩ এপ্রিল বাড়ি থেকে সিলেট শহরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন প্রফুল্ল। তিনি গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রফুল্ল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গোয়াইনঘাটের বিভিন্ন জলমহালে মৎস্যজীবীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন তিনি। মৎস্যজীবীদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি। প্রফুল্লের ছেলে স্বপন সরকার অভিযোগ করেন, জলমহাল নিয়ে সিলেটের এক লন্ডনির সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁর বাবাকে খুন করা হতে পারে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, স্থানীয় ধোপাগুল বাজারের পাশে সেতুর পূর্ব পাশে গতকাল সকাল সাতটার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি বড় লাগেজ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি উদ্ধার করে দেখে, লাগেজের ভেতরে তিন টুকরা একটি লাশ। লাশটির দুই পা, ঊরু পর্যন্ত এবং বাম হাত কনুই পর্যন্ত কাটা। খবর পেয়ে প্রফুল্লের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে লাশটি শনাক্ত করেন।প্রফুল্লের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে সিলেট শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন প্রফুল্ল। এর পর থেকে তিনি নিখোঁজ। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে ওই দিনই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিমানবন্দর থানার ওসি জানান, খুন করে লাগেজে ভরার সুবিধার্থে লাশ তিন টুকরা করা হয়েছে। পা ও হাত কাটার ধরন দেখে মনে হয়, পেশাদার খুনিরাই তাঁকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রফুল্ল সরকারের সহকর্মী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলমহালে সাধারণ জেলেদের অধিকার রক্ষার ব্যাপারে প্রফুল্ল সব সময় সোচ্চার ছিলেন। মাছ ধরার মৌসুমে একাধিক জলমহালে সাধারণ জেলেদের অধিকার নিয়ে ইজারাদারদের সঙ্গে তাঁর বিরোধ লেগেই থাকত। এবারের মৌসুমেও তাঁর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি জলমহালে জেলেদের পক্ষ নিয়ে প্রফুল্লের সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছিল।জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, জিডিতে খুন হওয়ার আশঙ্কার কথা প্রকাশ পায়নি। এর পরও পুলিশ জিডির সূত্র ধরে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।