সিলেটে লোকবাদ্যযন্ত্র মেলা
লোকসংস্কৃতিতে ব্যবহূত বাদ্যযন্ত্রগুলো থরে থরে সাজানো। একতারা, দোতারা, ঢোলক, ঢপকি, মন্দিরা, সারিন্দা, বাঁশিসহ প্রায় ৩০ রকমের বাদ্যযন্ত্র। এগুলোর প্রদর্শনীর মধ্য দিয়ে সিলেটে প্রথমবারের মতো লোকবাদ্যযন্ত্র মেলা আয়োজন করেছে ‘মেঠোসুর’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন। গত ৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন শেষে রাত থেকে বাদ্যযন্ত্র প্রদর্শনী শুরু হয়। তিন দিনব্যাপী এ মেলা গত ৬ মার্চ রাতে শেষ হয়। সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মিউজিয়াম অব রাজার্সের (হাছন রাজা জাদুঘর) রাজাকুঞ্জে মেলার সহযোগিতায় রয়েছে হাছন রাজা ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্রতচারী সমিতি। মেলার উদ্বোধন করেন সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পাঠ্যপুস্তক বিভাগের পরিচালক ও ফোকলোর গবেষক আবদুল ওয়াহিদ। মেঠোসুরের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে লোকসংস্কৃতি ও বাদ্যযন্ত্র বিষয়ে আলোচনা করেন সংগীত গবেষক সাইম রানা ও সুমনকুমার দাশ। স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বিমান তালুকদার।