সিলেটে শিক্ষক খুনের ঘটনায় ছাত্রীসহ আটক ৫
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর রশিদের খুনে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা দুই ছাত্রীসহ পাঁচজনকে আটক করেছেন। এ সময় শিক্ষকের ব্যবহূত মুঠোফোন ও সিমকার্ড তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়।গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ সোমবার সকালে তাঁদের র্যাব-৯-এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটক ব্যক্তিরা হলেন সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী সুজিনা আক্তার ওরফে মুন্নি ও সাফিয়া খাতুন ওরফে লিপি, সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের বাসিন্দা রাসেল আহমদ (৩০), নগরের দরগাগেট এলাকার হোটেল আজমীরের ব্যবস্থাপক মো. লোকমান মিয়া (২৫), নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আলীমুল ইসলাম (২৪)। তাঁরা ঘটনার দায় স্বীকার করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাওসার আহমেদ (২৪) নামের একজন এখনো পলাতক।এক ছাত্রী তাঁর প্রেমিকের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলে ক্ষুব্ধ হয়ে প্রেমিক এ হত্যাকাণ্ড ঘটান বলে ছাত্রীরা জানান।সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এক ছাত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে শিক্ষক হারুন-অর রশিদ খুন হন। ওই ছাত্রীর সহপাঠী আরেক ছাত্রীসহ খুনের ঘটনায় জড়িত দুই যুবক ও একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে আটক করা হয়। ঘটনার কারণ র্যাব জানতে পেরেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।উল্লেখ্য, ২১ মার্চ বিকেলে হারুন-অর রশিদ কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়।