সিলেটে শিক্ষক হারুন হত্যায় ব্যবহূত ছোরাটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন উর-রশিদকে হত্যায় ব্যবহূত ছোরাটি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ডে এই মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসারের (২৮) দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে ঘটনাস্থল সিলেট নগরের চৌহাট্টা এলাকার গৌড়গোবিন্দের টিলার একটি জঙ্গল থেকে ছোরাটি উদ্ধার করা হয়। সিআইডি সূত্র জানায়, তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিনই কাওসার শিক্ষক হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। শিক্ষক হারুনকে কীভাবে খুন করেন—সেই বর্ণনা দিতে গিয়ে কাওসার খুনে ব্যবহূত ছোরার কথা উল্লেখ করেন। একপর্যায়ে তিনি সিআইডিকে বলেন, ঘটনার পরপরই ছোরাটি পাশের জঙ্গলে ফেলে দিয়েছেন। কাওসারের দেওয়া তথ্যের সত্যতা প্রমাণ করতে সিআইডির একটি দল বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরের চৌহাট্টায় নিলয় আবাসিক এলাকায় যায়। তারা সঙ্গে কাওসারকেও নেয়। কাওসারের সহযোগিতায় তারা শিক্ষকের বাসার পাশের একটি জঙ্গল থেকে ছোরাটি উদ্ধার করে। সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম শিক্ষক হত্যায় ব্যবহূত ছোরা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, রিমান্ডে কাওসারকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বের হয়েছে, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ধার করা ছোরাটি গতকাল মামলার আলামত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এদিকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে কাওসারকে আদালতে নেওয়া হয়। সেখানে কাওসার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আগামী ৭ ফেব্রুয়ারি কাওসারকে ফের আদালতে হাজির করার তারিখ ধার্য করা হয়েছে।সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান মো. হারুন উর-রশিদ গত ২১ মার্চ বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার অপর চার আসামি শিক্ষক খুনের হোতা হিসেবে কাওসারের নাম প্রকাশ করে। এর ভিত্তিতে মামলায় প্রধান আসামি হিসেবে কাওসারকে অন্তর্ভুক্ত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে কাওসার পলাতক ছিলেন। ২৮ নভেম্বর সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের চিনাকান্দি গ্রাম থেকে তাঁকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ৩০ নভেম্বর কাওসারকে তিন দিনের রিমান্ডে নেয় সিআইডি।