সিলেটে সচল আট বগি চট্টগ্রামে অচল!
ঢাকা-সিলেট যাত্রাপথে ঠিকঠাকমতোই চলছিল বাংলাদেশ রেলওয়ের আটটি বগি। কিন্তু সেই বগি চালিয়ে চট্টগ্রামে আনার পর একসঙ্গে সবই চলাচলের অনুপযোগী ঘোষণা করেছে রেলের যান্ত্রিক বিভাগ। ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতী এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর গোধূলিতে বাড়তি বগি সংযোজনের যে সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষ নিয়েছিল, আপাতত তা বাস্তবায়ন করা যাচ্ছে না।গত সোমবার থেকে ১৬টি বগি নিয়ে উপযুক্ত সমন্বয়ের (স্ট্যান্ডার্ড কম্পোজিশন) ট্রেন হিসেবে মহানগর প্রভাতী ও মহানগর গোধূলি চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলের কথা ছিল। কিন্তু আটটি বগি বসিয়ে রাখার কারণে ওই ট্রেন দুটি চলাচল করছে কখনো আটটি, কখনো নয়টি বগি নিয়ে। ফলে ট্রেন দুটির যাত্রী পরিবহনের ক্ষমতাও অর্ধেকে নেমে এসেছে।রেলের মুখ্য পরিচালন তত্ত্বাবধায়ক (পূর্বাঞ্চল) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আরও আটটি বগি সংযোজন করা হলে রেলের প্রতিদিন বাড়তি আয় হতো প্রায় দেড় লাখ টাকা। আরও অন্তত ৫০০ যাত্রী প্রতিদিন যাতায়াতের সুযোগ পেতেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্যাপক যাত্রী-চাহিদার কথা বিবেচনা করে তাঁরা ওই আটটি বগি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছিলেন।রেল সূত্র জানায়, বাড়তি বগি সংযোজনের জন্য ঢাকা-সিলেট পথে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘পারাবত এক্সপ্রেস’-এর নয়টি বগিকে নির্বাচন করা হয়েছিল। কারণ, মহানগর প্রভাতী ও গোধূলির বগিগুলো ছিল বিশেষায়িত প্রযুক্তির (এয়ার ব্রেক)। একমাত্র পারাবত এক্সপ্রেস ছাড়া রেলের অন্য কোনো ট্রেনে এই প্রযুক্তির বগি ব্যবহার করা হয় না। এ কারণে পারাবতের নয়টি বগির সবগুলো খুলে আনার সিদ্ধান্ত হয়।পরিবর্তে চট্টগ্রামের মেরামত কারখানা থেকে ১১টি বগি পাঠানো হয় পারাবতের জন্য। সেই বগি দিয়ে গত রোববার থেকে পুরোদমে চলছে পারাবত এক্সপ্রেস।জানা গেছে, পারাবত এক্সপ্রেসের সচল নয়টি বগি ঢাকা থেকে একটি ট্রেনের সঙ্গে চালিয়ে চট্টগ্রাম আনা হয় গত রোববার রাতে। কিন্তু সোমবার থেকে একটি বাদ দিয়ে অপর আটটি বগি চলাচলের অযোগ্য ঘোষণা করেন যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা। সেগুলো রেলের চট্টগ্রামের মার্শালিং ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই ইয়ার্ড থেকে বগিগুলো পাহাড়তলীর মেরামত কারখানায় পাঠানোর কথা।অথচ এই একই বগি ঠিকই পারাবত এক্সপ্রেসের সঙ্গে ভালো বগি হিসেবে ঢাকা-চট্টগ্রাম পথে নিয়মিত চলাচল করছিল। বগিগুলো ওই পথে চলাচলের যোগ্য বলে যান্ত্রিক বিভাগ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।সিলেটে সচল বগি চট্টগ্রামে অচল হওয়ার কারণ জানতে চাইলে রেলের যান্ত্রিক প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুফি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-সিলেট পথে যে ঝুঁকি নিয়ে বগিগুলো চলেছে, সেই ঝুঁকি নিয়ে আমরা ঢাকা-চট্টগ্রাম পথে এগুলো চালাতে পারি না। এ কারণে বগিগুলো কারখানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কোন ধরনের ত্রুটির কারণে এগুলো চালানো যাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, একেকটি বগির একেক রকম ত্রুটি রয়েছে। এ কারণে কোনো কোনো বগি সম্পূর্ণ ভেঙে সেটার বিভিন্ন যন্ত্রপাতি অন্য বগিগুলোতে লাগাতে হবে।রেলের সংশ্লিষ্ট বিভাগের একাধিক প্রকৌশলী জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের তুলনায় ঢাকা-সিলেট রেললাইন বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, সিলেটে উঁচু পাহাড়-টিলা ও অসংখ্য বাঁক রয়েছে, যা ঢাকা-চট্টগ্রাম রেলপথে নেই। এ কারণে যেসব বগি ঢাকা-সিলেট রেলপথে চলাচলের জন্য নির্বাচিত করা হয়, সেগুলো সহজেই ঢাকা-চট্টগ্রাম পথে চলতে পারে।অভিযোগ পাওয়া গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কিংবা মেরামতের নামে কিছু অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্দেশ্য নিয়ে চলাচলের উপযোগী বগিকে চলাচল-অযোগ্য ঘোষণা করেছে যান্ত্রিক বিভাগের একটি চক্র। এই চক্রের সঙ্গে রেল ভবনের কয়েকজন প্রকৌশলীরও যোগসাজশ আছে বলে অভিযোগ রয়েছে।তবে সুফি নূর মোহাম্মদ বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ ঢাকা-সিলেট পথের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর। এই পথে ট্রেনের লাইনচ্যুতির হারও সিলেট লাইনের তুলনায় বেশি। এসব কারণে ঢাকা-সিলেটে সচল বগিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে অচল ঘোষণা করা হয়। মেরামত শেষে পর্যায়ক্রমে বগিগুলো মহানগর প্রভাতী ও গোধূলিতে সংযোজন করা হবে বলে তিনি জানান।