সিলেটে সরকারি মহিলা কলেজের শিক্ষক খুন
সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হারুনুর রশীদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, হারুনুর রশীদ বিকেল তিনটায় কলেজ থেকে বাসায় ফেরার উদ্দেশে বের হন। বাসার কাছাকাছি যাওয়ার পর মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত প্রথমে হারুনুর রশীদের গতি রোধ করে মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হারুনুর রশীদকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, নিহত ব্যক্তির উরুর দিকে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মাথায়ও জখম দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, এই কলেজে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রায় আড়াই বছর ধরে তিনি এখানে কর্মরত। মহিলা কলেজ থেকে আধা কিলোমিটার দূরে নগরের গৌড়গোবিন্দ টিলাসংলগ্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় তিনি থাকতেন। তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা গ্রামের বাড়িতে থাকেন।