সিলেটে সাংবাদিক খুনের মামলায় আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে আবহাওয়া অধিদপ্তরের জমির মালিক দাবিদার সেই আবাসন ব্যবসায়ী মওদুদুল হককে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা। গত সোমবার রাতে র্যাব তাঁকে মহানগরের নিজ বাসা থেকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই রাতেই আটক করা হয় সাংবাদিকের সঙ্গে ছুরিকাহত ব্যবসায়ী আবদুল মালেককে। দুজনকে গতকাল মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ ওই দুজনকে ফতেহ ওসমানী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল সন্ধ্যায় জেলহাজতে পাঠিয়েছে।সিলেট কোতোয়ালি থানা সূত্র জানায়, সাপ্তাহিক ২০০০ এর সাবেক সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানী গত ১৮ এপ্রিল রাতে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে শাহী ঈদগাহ এলাকায় তিনি ছুরিকাহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসায়ী আবদুল মালেকও আহত হন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ২৯ এপ্রিল রাতে ফতেহ ওসমানী মারা যান।এ ঘটনায় নিহত ফতেহর ভাই ফরহাদ মতিন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা করেন। পুলিশ ছুরিকাঘাতকারী হিসেবে শনাক্ত করে সাদ্দাম, সুমন ও স্বপন নামের তিন যুবককে আটক করে। এরা খুনের দায় স্বীকার করলেও কার নির্দেশে ও কী কারণে ফতেহ ওসমানীকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কিছুই বলেনি।র্যাব-৯ গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের উপ-অধিনায়ক মেজর মো. ইউসুফ খানের নেতৃত্বে একটি বিশেষ দল সোমবার দিবাগত রাত একটায় নগরের সুবিদবাজার ও মিতালী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আবাসন ব্যবসায়ী মওদুদুল হক ও ব্যবসায়ী আবদুল মালেককে নিজ নিজ বাসা থেকে আটক করে। গত রোববার গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসামিরা পরিকল্পিতভাবে সাংবাদিক ফতেহ ওসমানীকে হত্যা করেছেন বলে সন্দেহ প্রকাশ পেয়েছে।’সিলেট কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, র্যাবের সদস্যরা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই দুজনকে আটক করেছেন। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ মামলায় এর আগে পুলিশের হাতে তিন যুবক গ্রেপ্তার ও স্বীকারোক্তি প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মারহাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। যারা অভিযুক্ত হবে, তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হবে।