সিলেটে সাত উপজেলায় নেই ফায়ার স্টেশন
সিলেটের ১২ উপজেলার সাতটিতে নেই ফায়ার স্টেশন। এ কারণে প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি কোটি টাকার সম্পদহানী ঘটছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।সিলেট ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট নগরের তালতলা, দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর ও বালাগঞ্জ উপজেলায় একটি করে মোট তিনটি ফায়ার স্টেশন রয়েছে। এই তিনটি কার্যালয় প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা জানান, আশপাশের উপজেলাগুলোতে ফায়ার স্টেশন না থাকায় আগুন লাগলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেসব স্থানে ছুটে যেতে হয়।সিলেট নগরে প্রায় সাত লাখ মানুষের বসবাস। নগরের তালতলা এলাকায় রয়েছে একটি ফায়ার স্টেশন। ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। কোনো আধুনিকতার ছোঁয়া না লাগায় এটি চলছে সেই মান্ধাতা আমলের জনবল দিয়ে। এ কার্যালয়ে লোকবলসংকট তীব্র হওয়ায় দমকলকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় নগরে আরও কয়েকটি স্টেশন নির্মাণের মতামত দিয়েছেন সিলেট ফায়ার স্টেশনের কর্মকর্তারা। এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজার এলাকায় তিনতলাবিশিষ্ট ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে। এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্টেশনটির কাজ আশি ভাগ শেষ হয়েছে। অন্য দিকে জকিগঞ্জ উপজেলার ফায়ার স্টেশনটির কাজ ৯৮ ভাগ শেষ হলেও বিশ্বনাথ উপজেলা স্টেশনের কাজ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বঞ্চিত সাত উপজেলা: সিলেট সিটি করপোরেশন এবং ১২টি উপজেলা নিয়ে সিলেট জেলা গঠিত। সিটি করপোরেশন, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে তিনটি ফায়ার স্টেশন রয়েছে। জকিগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জে তিনটি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে। তবে জেলার বাকি সাতটি উপজেলা—সিলেট সদর, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ফায়ার স্টেশন নেই।ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে বিভিন্ন এলাকার লোকজন সিলেট নগরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন সময় মানববন্ধন, সভা, সমাবেশ, সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়মিতভাবে পালন করে আসছেন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, জেলা শহর থেকে গোয়াইনঘাট উপজেলার দূরত্ব খুব বেশি। ফলে আগুন লাগার পরপর দমকল বাহিনীর সদস্যরা ইচ্ছে করলেই তাৎক্ষণিকভাবে আসতে পারেন না। এ অবস্থায় জরুরি ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলায় একটি ফায়ার স্টেশন নির্মাণ করা উচিত। পাশাপাশি জনদুর্ভোগের কথা বিবেচনায় এনে অন্যান্য যেসব উপজেলায় ফায়ার স্টেশন নেই, সেসব উপজেলাগুলোতেও নির্মাণ করা উচিত।পরিসংখ্যানে গরমিল: সিলেটে গত সাড়ে পাঁচ বছরে এক হাজার ১৬৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সম্পদহানী হয়েছে প্রায় ২৭ কোটি টাকা বলে জানিয়েছেন ফায়ার স্টেশনে নিযুক্ত কর্মকর্তারা। তবে জেলার বিভিন্ন এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী, জেলার সব কটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর ফায়ার স্টেশন কার্যালয়ে নেই। তাই তথ্যে বিরাট গরমিল রয়েছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি বলে এলাকাবাসী জানিয়েছেন।সিলেটের ফায়ার স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ২১২টি অগ্নিকাণ্ডে দুই কোটি পাঁচ লাখ ৯৭ হাজার টাকা, ২০০৬ সালে ১৮১টি দুর্ঘটনায় ১১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, ২০০৭ সালে ২২০টি দুর্ঘটনায় দুই কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা, ২০০৮ সালে ১৮৭টি অগ্নিকাণ্ডে দুই কোটি ৬২ লাখ ৬০ হাজার ৪০০ টাকা, ২০০৯ সালে ২২৭টি অগ্নিকাণ্ডে চার কোটি ২০ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা এবং চলতি বছরে ১৪২টি দুর্ঘটনায় চার কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকার সম্পদহানী ঘটে।চলতি বছরের ২৯ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার ব্রাহ্মণ মান্ধারুকা গ্রামের সাবু মিয়ার বাড়ি এবং ১১ মে রাতে নোয়াগাঁও গ্রামের প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মালিকেরা জানান, স্থানীয় মানুষজন অগ্নিকাণ্ডের ঘটনা জানলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার স্টেশন কার্যালয়কে জানানো হয়নি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনার তালিকায় এ দুটি স্থানের তথ্য নাও থাকতে পারে বলে বাড়ির মালিকেরা জানিয়েছেন।বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী সেবুল মিয়া বলেন, বিশ্বনাথে ফায়ার স্টেশন না থাকার কারণে প্রতিবছর মানুষজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আর্থিক ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে নির্মিতব্য ফায়ার স্টেশনটি জরুরি ভিত্তিতে স্থাপন করা উচিত। তা ছাড়া বিভিন্ন সময় ছোটবড় অগ্নিকাণ্ড স্থানীয় মানুষজন নিজেরাই নেভানোর কারণে অগ্নিকাণ্ডের অনেক তথ্য জেলা ফায়ার স্টেশনে সংরক্ষিত সরকারি তালিকায় থাকে না। দূরত্বের ভোগান্তি: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ। বাংলাদেশের জেলা সদর থেকে সবচেয়ে বেশি দূরত্বের উপজেলা। জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৯০ কিলোমিটার। এখানে আগুন লাগলে মানুষজন অসহায় হয়ে পড়ে। জেলা সদর থেকে দমকল বাহিনীর যেতে সময় লাগে কয়েক ঘণ্টা। আর এ সময়ের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে দমকল বাহিনীরও করার কিছু থাকে না। এ অবস্থায় উপজেলার লোকজন দীর্ঘদিন থেকে একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। এলাকাবাসী জানান, গত চারদলীয় জোট সরকারের সময় জকিগঞ্জের লোকজন ফায়ার স্টেশন নির্মাণের দাবিতে আন্দোলন ও সভা-সমাবেশ করে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তখন জকিগঞ্জে ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর উপজেলাবাসী আবার ফায়ার স্টেশন নির্মাণের দাবিতে আন্দোলনে নামে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে। তবে এটি এখনো চালু হয়নি।কর্তৃপক্ষ কী বলেন: সিলেট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু নগরের চেয়ে উপজেলাগুলোতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে বলে জানিয়েছেন। তিনি গত ১৪ অক্টোবর প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, জেলার জকিগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জে দমকল কার্যালয় নির্মাণের কাজ চলছে। পাশাপাশি সব কটি উপজেলায় একটি করে দমকল কার্যালয় স্থাপনের একটি পরিকল্পনা সরকারের সিদ্ধান্তে রয়েছে।তিনি বলেন, ‘১৯৬২ সালে সিলেট শহর অনেক ছোট ছিল। ওই সময় এখানে ফায়ার ব্রিগেড স্থাপন করা হয়েছিল। ওই স্টেশন দিয়ে ক্রমবর্ধমান সিলেট নগরে এখনো কাজ করতে হচ্ছে। লোকবলের সংকট থাকায় অগ্নিনির্বাপণে আমাদের কর্মীদের বেগ পেতে হচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পেতে সিলেট নগরের টিলাগড়, মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় আরও অন্তত কয়েকটি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে নগরে সংঘটিত অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি।’