সিলেটে সিএনজি-পেট্রলপাম্পে ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের চার জেলায় সিএনজি-পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকালে সব সিএনজি ও পেট্রলপাম্প খোলা হয়েছে।সিএনজি স্টেশনে হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সিএনজি ফিলিং স্টেশন কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।ধর্মঘটের বিষয়ে গতকাল রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। গত রাত ১২টা থেকে ৭২ ঘণ্টার জন্য ধর্মঘট প্রত্যাহার করার কথা জানিয়ে সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি জুবের আহমদ চৌধুরী জানান, এই সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ফের ধর্মঘট শুরু হবে। সংগঠন সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে চাঁদার দাবিতে হামলা চালানো হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে এ হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় সংগঠনের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ধর্মঘট শুরু হয়েছিল।