সিলেটে সেতু ভেঙে নদীতে আট যান, দুজনের লাশ উদ্ধার
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সেতু ভেঙে পাথরবোঝাই ছয়টি ট্রাক, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা নদীতে ডুবে গেছে। ডুবে যাওয়া যানবাহন থেকে দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আটজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকগুলোর চালক ও তাঁদের সহকারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জের বর্ণি এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বর্ণি এলাকায় বড়ভাঙার খালের ওপর লোহার সেতু দিয়ে সিলেটমুখী যানবাহনগুলো চলাচল করে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে সিলেটগামী ছয়টি ট্রাক ও যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা সেতু দিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছিল। সামনে ছিল ট্রাক। হঠাৎ শব্দ করে সেতুর মধ্য অংশ দেবে পুরো সেতু ভেঙে পড়ে। এ সময় ট্রাকসহ আটটি যান একসঙ্গে নদীতে পড়ে ডুবে যায়। সেতু ভাঙার শব্দ ও চিৎকার শুনে বর্ণি গ্রামসহ আশপাশের লোকজন জড়ো হয়ে উদ্ধার তৎপরতা চালান। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসে থাকা আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। মাইক্রোবাসের অপর একজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, উদ্ধার করা দুটি লাশের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। আবদুর রব (৪৫) নামে ওই ব্যক্তি কোম্পানীগঞ্জের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা একজন পাথর ব্যবসায়ী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত অবস্থায় উদ্ধার করা আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আশপাশের এলাকার মানুষসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সেতু ভেঙে পড়ায় সড়কের উভয় পাশে যানবাহনগুলো আটকা পড়েছে। রাত সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, সেতু ভেঙে ডুবে যাওয়া ছয়টি ট্রাকের মধ্যে চারটিতেই পাথর বোঝাই ছিল। এগুলো ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সিলেট যাচ্ছিল। মাইক্রোবাস ও অটোরিকশা কোম্পানীগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সিলেট যাচ্ছিল। ছয়টি ট্রাকের চালক ও সহকারীদের কোনো খোঁজ মিলছে না। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।