সিলেটে হরতালে কোনো যান চলেনি
ভারতের বরাক নদের টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল শেষে প্রতীকী অনশনসহ বিএনপি মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।আজ ভোর ছয়টা থেকে নগরের কোর্ট পয়েন্ট থেকে ‘শাহজালালের পুণ্যভূমি/কেন হবে মরুভূমি’ স্লোগান দিয়ে হরতাল পালনে জনসাধারণকে অনুরোধ করা হয়। পুলিশ, আর্মড পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব-৯) সদস্যরা নগরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিলেন। হরতাল চলাকালে নগরে যানবাহন চলাচল করেনি। তবে বিচ্ছিন্নভাবে চলাচল করতে গিয়ে সকালে পিকেটারদের হাতে দুটি মাইক্রোবাস ও তিনটি অটোরিকশা ভাঙচুর হয়েছে। সিলেটের কেন্দ্রীয় বাস-টার্মিনালসহ উপজেলার বাসস্ট্যান্ড থেকে কোনো বাস চলাচল করেনি। রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছাড়ার সময় বিএনপির পিকেটাররা রেললাইন অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট পর পুলিশ সেখানে গেলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর পাহাড়িকা সিলেট ছেড়ে যায়।হরতাল শেষে কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কাল শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগে বিএনপির প্রতিটি সাংগঠনিক কমিটির পর্যায়ক্রমে বিক্ষোভ ও গণসংযোগ, জেলায় ও উপজেলায় প্রতিবাদ মিছিল ২০ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর জেলা সদর, মহানগর ও পৌর শহরে মানববন্ধন, ২৯ ডিসেম্বর জেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীকী অনশন করে ৭ জানুয়ারি জকিগঞ্জের বরাক নদের মোহনা অমলসীদে সীমান্ত সমাবেশ। এ কর্মসূচি ঘোষণা করে এম ইলিয়াস আলী বলেন, ‘এসব কর্মসূচি কোনো দলের নয়। দেশ ও দেশের প্রকৃতি রক্ষা করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। সর্বস্তরের জনগণ অংশ নেওয়ার মধ্য দিয়ে এসব কর্মসূচি পালিত হবে।’