সিলেটে হিজবুত তাওহিদের তিন কর্মী আটক
সিলেটে জিহাদি বই, লিফলেট ও সিডিসহ হিজবুত তাওহিদের তিনজন কর্মীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।আটক হওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নিলামালা গ্রামের মো. আল আমিন আনজু (২৫), নারায়ণগঞ্জের খামারগাঁওয়ের মো. সোহরাব হোসেন (২৮) ও ময়মনসিংহের মুক্তাগাছার মো. শহীদ (১৮)। র্যাব সূত্র জানায়, গতকাল রাত সোয়া আটটায় নগরের জিন্দাবাজারে একটি দোকানের সামনে থেকে তিনটি জিহাদি বই, ৩৮টি সিডি, ২৯০টি লিফলেট, একটি হ্যান্ডমাইক ও তারসংযুক্ত ব্যাটারিসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা নিজেদের হিজবুত তাওহিদ নামের সংগঠনের কর্মী বলে পরিচয় দেন। র্যাব ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই তিনজনের আচার-আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁদের আটক করা হয়। এঁরা অনেক দিন ধরেই ইসলামের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিলেন বলে স্বীকার করেন। উদ্ধার হওয়া আলামতসহ আটক হওয়া ব্যক্তিদের সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।